শ্রমিকদের জন্য বিনামূল্যে আইনি সহায়তা
শ্রমিকদের বিনামূল্যে আইনি সহায়তা দেয়ার লক্ষ্যে একটি সেল চালু করেছে আইন মন্ত্রণালয়।
আইনমন্ত্রী শফিক আহমেদ মঙ্গলবার দুপুরে শ্রম ভবনের পঞ্চম তলায় শ্রমিক আইন সহায়তা সেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামও তার সঙ্গে ছিলেন।
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার তত্বাবধানে এবং ইউএনডিপির জাস্টিস সেক্টর ফ্যাসিলিটি প্রকল্পের কারিগরি সহায়তায় এ সেলের মাধ্যমে শ্রমিকরা বিনামূল্যে আইনি সহায়তা পাবেন।
শ্রমিকদের আইনি সহায়তা দেয়ার পাশাপাশি শ্রম বিরোধ সংক্রান্ত বিষয়ে শ্রমিকদের পক্ষে আদালতে মামলা দায়ের ও পরিচালনা করবে এ সেল।
আইনি সহায়তা পেতে সেলের হটলাইন নম্বরে (০১৭৬১২২২২২৪) যোগাযোগ করতে বলা হয়েছে।
অনুষ্ঠানে শফিক আহমেদ বলেন, “আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান ও প্রত্যেকের সমান সুযোগের বিধান রয়েছে। শ্রমিকদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে শ্রমিকরা পর্যাপ্ত আইনি সহায়তার সুযোগ না পাওয়ায় অধিকার বঞ্চিত হচ্ছে। আর এ জন্যই সরকার তাদের আইনি সহায়তা দেয়ার লক্ষ্যে এ সেল গঠন করেছে।”
দেশের বিভিন্ন শ্রম আদালতে চলমান মামলার বিষয়ে তিনি বলেন, শ্রম আদালতে প্রায় ১০ হাজার মামলা চলছে। আগামী কয়েক বছরেও এগুলো নিষ্পত্তি হবে কি না বলা কঠিন। তাই এ সব মামলার বিকল্পভাবে নিষ্পত্তির জন্য মালিক-শ্রমিক পক্ষ ও আদালত উদ্যোগ নিতে পারে।
এজন্য বিচারক ও আইনজীবীদের শ্রমিকবান্ধব হওয়ার আহবান জানান মন্ত্রী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম, ইউএনডিপির জাস্টিস সেক্টর ফ্যাসিলিটি প্রকল্পের প্রধান কারিগরি উপদেষ্টা ক্রিশ্চিয়ান এলডন বক্তব্য দেন।
