২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের উপর জেলেদের হামলা

নিষেধাজ্ঞা উপেক্ষা করে চাঁদপুরে ইলিশ শিকারিদের বিরুদ্ধে অভিযান চালাকালে ভ্রাম্যমাণ আদালতের উপর হামলা চালিয়েছে সংঘবদ্ধ জেলেরা।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2013, 09:30 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

সোমবার দুপুরে সদর উপজেলার বহরিয়া এলাকায় দেশি অস্ত্র নিয়ে হামলায় অংশ নেয়া জেলে ও তাদের পরিবারের সদস্যদের ছত্রভঙ্গ করতে র‌্যাব ও পুলিশ রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়্ন্ত্রণে আনে।

তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

অভিযানে অংশ নেওয়া নির্র্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভ্রাম্যমাণ আদালতের একটি দল সদর উপজেলার বহরিয়া এলাকায় পৌঁছলে নদীতে মাছ ধরতে থাকা জেলেরা সংঘবদ্ধ হয়ে তাদের উপর হামলা চালায়। এ সময় নদীপাড়ের জেলে পরিবারের সদস্যরাও মাছ ধরার নৌকার লগি-বৈঠা, লাঠিসোটা নিয়ে হামলা করে।

প্রজনন মৌসুমে ১১ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত চাঁদপুরসহ দেশের দক্ষিণাঞ্চলে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই সময় মাছ ধরা, পরিবহন, বিপণন ও সংরক্ষণ করা আইনত দণ্ডণীয়।

এদিকে, কোস্টগার্ড স্টেশন কমান্ডার মো. মাহফুজুল ইসলাম জানান, মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোমবারও ৮০ হাজার মিটার জাল ও ২৫ কেজি ইলিশ আটক করা হয়। তবে এই সময় কাউকে আটক করা হয়নি।