লামায় ‘জঙ্গি প্রশিক্ষণ’
বান্দরবানের লামা উপজেলা সদরে আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি প্রশিক্ষণ চলছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
লামা উপজেলা কোর্ট জামে মসজিদভিত্তিক এ তৎপরতা চলে বলে অভিযোগ করা হয়।
উপজেলা প্রশাসন এ ব্যাপারে অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছে। তবে, পুলিশ বিষয়টি সত্য নয় বলে দাবি করে।
এলাকাবাসী জানান, লামা কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা সিহাব উদ্দিনের নেতৃত্বে প্রায় ২ বছর আগে উপজেলা সদরে আনসারুল্লাহ বাংলা টিমের সাংগঠনিক কার্যক্রম শুরু হয়।
স্থানীয় সাংবাদিক কামাল উদ্দিন জানান, এলাকার মসজিদগামী নামাজপড়ুয়া তরুণদের মোবাইল মেমোরি কার্ডের মাধ্যমে আনসারুল্লাহ বাংলাটিম বাংলাদেশের আমির (বর্তমানে কারাগারে আটক) জসিম উদ্দিন আর রাহমানির বিভিন্ন জেহাদি বক্তব্য শোনানো হয়। দেওয়া হয় বিভিন্ন বই।
তিনি জানান, দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় নেতা ও আলেমদের কাফের ঘোষণা দেয়া এসব বক্তব্য শুনে ও বই পড়ে তরুণরা সংগঠনের প্রতি অনুগত হলে প্রশিক্ষণের জন্য পাঠানো হয় জসিম উদ্দিন আর রাহমানির তত্বাবধানে পরিচালিত ঢাকার মোহাম্মদপুরের মারকাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায়।
এখানে প্রায় ৬ মাস থেকে ১ বছর প্রশিক্ষণ দিয়ে দেশের বিভিন্ন স্থানে সংগঠনের কার্যক্রম পরিচালনায় দায়িত্ব দিয়ে পাঠানো হয়, বলেন তিনি।
লামার আরেক সাংবাদিক মোহাম্মদ ইব্রাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মসজিদের আশপাশে বিভিন্ন দোকানের কর্মচারী অল্পশিক্ষিত তরুণদের একত্রিত করে একটি বাসায় নিয়মিত বৈঠক করে আসছে সংগঠনটির নেতাকর্মীরা।
“এই ব্যাপারে বাধা দিতে গেলে আমাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। আমার উপর আক্রমণও চালানো হয় মাওলানা সেহাবের নেতৃত্বে।
“আমি বিষয়টি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দায়ের করেছি।”
এ ব্যাপারে ইসলামী ঐক্যজোট লামা উপজেলা সভাপতি হাফেজ মাওলানা খলিলুর রহমান বলেন, ইসলামে বোমাবাজি, বোমা প্রশিক্ষণ বা আকিদা নিয়ে বিভ্রান্তি সৃষ্টিকারীদের স্থান নেই। যারা এধরনের কর্মকাণ্ডে জড়িত তারা ইসলাম বিন্দুমাত্র বোঝে না।
বিষয়টি নিছক মিথ্যা বলে দাবি করেন লামা থানার ওসি মো. সাইকুল আহমেদ ভুইঁয়া।
লামা উপজেলা নির্বাহী অফিসার ও কোর্ট জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, ইমাম সাহেব ইসলাম পরিপন্থী বক্তব্য প্রচার করেছেন বলে অভিযোগ রয়েছে। তাকে সতর্ক করে দেয়া হয়েছে। প্রয়োজনে তাকে প্রত্যাহার করে অন্য ভাল কাউকে নিয়োগ করা হবে।
কোর্ট মসজিদের ইমাম মওলানা সিহাব উদ্দিন বলেন, “এটি ষড়যন্ত্র। আমি চকরিয়ায় চরমোনাই ইসলামী আন্দোলন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এবং লামা উপজেলার প্রতিনিধি। জঙ্গি প্রশিক্ষণের প্রশ্নেই ওঠে না।”
সাংবাদিক কামালসহ জামায়াতের লোকজন তাকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার অপপ্রয়াস চালাচ্ছেন বলে তিনি দাবি করেন।
