ভোলায় ঘূর্ণিঝড়, আহত ২০
ভোলা সদরে রোববার সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে তিনটি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রাজাপুর ইউনিয়নে প্রায় ২০ মিনিট স্থায়ী এ ঝড়ে ঘর ও গাছ চাপা পড়ে অন্তত ২০ জন আহত হয়েছে। অন্তত দুশ’ কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। উপড়ে গেছে অর্ধশতাধিক গাছপালা।
এলাকাবাসী জানান, সন্ধ্যার পর প্রবল বাতাসের সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে ঘূর্ণিঝড় শুরু হয়। এ সময় সুলতানী, রুপাপুর ও কন্দপুর গ্রামে ঘরবাড়ি পড়ে, গাছপালা উপড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ভোলার জেলা প্রশাসক খোন্দাকার মোস্তাফিজুর রহমান সোমবার বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেছেন।
তিনি জানান, ঘূর্ণিঝড়ে প্রায় দুশ’ কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য পাঁচ মেট্রিক টন জিআর চাল বরাদ্দ করা হয়েছে।
তিনি উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি ২৫ কেজি করে চাল বিতরণ করেছেন। আহতদের প্রশাসনের পক্ষ থেকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানান।
ঘর ও গাছ চাপা পড়ে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতরদের মধ্যে হাজারী (৪৫), সোহান (৩৮),হাবিবা (২), দুলাল (৩৫), মনোয়ারা (৪৫), রহিজল (৪৫), রাব্বি (৯), মালেক (৪০), স্বপন (১০), জান্নাত (১৩), নেসার (১১) ও তাজু (৫০)র নাম পাওয়া গেছে। রোববার সন্ধ্যার পর ঘুর্নিঝড়ে এ ক্ষয়ক্ষতি হয়েছে।
