ময়মনসিংহে পলিটেকনিক শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ
বিক্ষোভ ও ভাংচুরের পর ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউট শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
পলিটেকনিক ইন্সটিটিউট থেকে পাশ করাদের ইঞ্জিনিয়ারের মর্যাদা দেয়াসহ দুই দফা দাবিতে শিক্ষার্থীরা সোমবার সকাল ১১টা থেকে প্রায় একঘণ্টা সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করে।
সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে। পুলিশ আটক করেছে চার জনকে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি গোলাম সারোয়ার জানান, শিক্ষার্থীরা পলিটেকনিক ইন্সটিটিউটের সামনের রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এক পর্যায়ে তারা কয়েকটি যানবাহনে ভাংচুর শুরু করলে পুলিশ বাধা দেয়।
এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
শিক্ষার্থীরা পুলিশের প্রতি ইটপাটকেল নিক্ষেপ করে এবং পুলিশ রবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
ওসি আরো জানান, সংঘর্ষে তিনিসহ চার পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করা হয়েছে।
