‘শিক্ষাকার্য ব্যাহত হয় এমন কর্মসূচি দিবেন না’
শিক্ষার্থীদের অগ্রযাত্রা ব্যাহত হয় এমন কোনো কর্মসূচি না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সদস্যদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ‘কৃতি’ সন্তান এবং ডিআরইউর লেখক-সদস্যদের এক সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এই আহ্বান জানান।
গত এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় বিরোধী দলের হরতাল কর্মসূচির প্রসঙ্গ টেনে নাহিদ বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের অগ্রযাত্রাকে ব্যাহত করবেন না। জ্বালাও-পোড়াও করবেন না। রাজনীতির নামে শিক্ষার্থীদের জীবনে বাধার সৃষ্টি করবেন না।”
শিক্ষার্থীদের কথা বিবেচনা করে রাজনীতিবিদরা আরো দায়িত্বশীল ও বিবেকবান হবেন বলেও আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, কোনো অবস্থাতেই শিক্ষার্থীদের চাপের মুখে ফেলবেন না।
অনুষ্ঠানে এসএসসিতে উত্তীর্ণ নয় জন এবং এইচএসসিতে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ নয় জন ডিআরইউ’র সদস্যদের সন্তানদের হাতে সনদ, সম্মাননা ক্রেস্ট, উপহার সামগ্রী এবং দুই হাজার টাকা বৃত্তি তুলে দেয়া হয়।
এছাড়া ডিআরইউ’র ২৯ জন লেখক-সদস্যকেও সম্মাননা ক্রেস্ট তুলে দেন শিক্ষামন্ত্রী।
সগর-রুনি মিলনায়তনে ওই অনুষ্ঠানে নাহিদ সাংবাদিকদের সন্তানদের কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে জ্ঞানলাভ করতে হবে।
“নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য আমরা ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ করেছি। সে মোতাবেক সবার মতামত নিয়ে শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। নতুন প্রজন্ম যেন আধুনিক বাংলাদেশের নির্মাতা হতে পারে এটাই মূল লক্ষ্য।”
এই অনুষ্ঠানে অংশ নিয়ে বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল নিজের সংগ্রহে থাকা দুইশটি বই ও ম্যাগাজিন ডিআরইউ গ্রন্থাগরের জন্য দেন।
ডিআরইউ সভাপতি শাহেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্ অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, রাষ্ট্রপতির প্রেসসচিব ইহসানুল করীম, ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী স্বপন কুমার বালা, ডিআরইউ সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ বক্তব্য দেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জের পৃষ্ঠপোষকতায় এর আগেও ডিআরইউ’র উদ্যোগে সংগঠনটির সদস্যদের প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ সন্তানদের সম্মাননা দেয়া হয়।
