লেবার পার্টির চট্টগ্রাম সভাপতি গ্রেপ্তার
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অন্যতম শরিক লেবার পার্টির চট্টগ্রাম মহানগর শাখার সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নাশকতার পরিকল্পনা করতে বৈঠকের সময় রোববার ভোররাতে তাকেসহ পাঁচ জনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
লেবার পার্টির চট্টগ্রাম নগর শাখার সভাপতি আলাউদ্দিন আলীর সঙ্গে গ্রেপ্তার অন্যরা হলেন মো. নজরুল, দুলাল, রানা ও বিশাল আহমেদ।
আলাউদ্দিন ১৮ দলীয় জোটের চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক এবং লেবার পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান। তার সঙ্গে আটক অন্যদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
আন্দোলন দমনে বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে বলে বিএনপির অভিযোগের মধ্যে নগরীর বায়েজিদ থানাধীন চন্দ্রনগর এলাকা থেকে ওই পাঁচজনকে আটক করে পুলিশ।
বায়েজিদ থানার ওসি সাইরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপন সভা চলাকালে তাদের আটক করা হয়। নাশকতার পরিকল্পনার জন্যই তারা সভা করছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।”
লেবার পার্টির নগর শাখার প্রচার সম্পাদক আবদুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আলাউদ্দিন আলীর বিরুদ্ধে কোনো মামলা নেই।
“তিনি সবসময় সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় বলে তাকে আটক করা হয়েছে,” বলেন তিনি।
