২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বরফ কলে গ্যাসে ১৫ জন আক্রান্ত

চট্টগ্রামে একটি বরফ কলের লাইন ফুটো হয়ে গ্যাসে আক্রান্ত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2013, 05:20 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

শনিবার সকালে কর্ণফুলী থানাধীন চর পাথরঘাটা বাদামতলী এলাকায় আলী সাহেবের বরফকলে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

এসময় আতঙ্কে ছুটোছুটি করতে গিয়েও বেশ কয়েকজন আহত হয়েছে বলেও স্থানীয়রা জানায়, তার মধ্যে কয়েকজন মাদ্রাসা শিক্ষার্থীও রয়েছে। 

আহতরা হলেন- মো. শাকিল (১৫), নিশা আক্তার (১৩), কাউছার আকতার (১৪), নিলু আকতার (১৪), কালা মিয়া (৪৫) ও মো. জাকির (৩০)।

কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) উত্তম চন্দ্র দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১১টার দিকে বরফ কলের একটি গ্যাস লাইনে ফুটো হয়ে যায়। এ সময় গ্যাসে আক্রান্ত হয়ে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

এসময় একটি শব্দ শোনা যায় বলেও জানান তিনি।

নুরুল আবছার নামে এলাকার এক বাসিন্দা জানান, ঈদের ছুটির পর সকালে বরফ কলটি চালু করার পর গ্যাস লাইন ফুটো হয়ে বিকট শব্দ হয়।

তিনি বলেন, বিস্ফোরণের পর বরফ কলের পাশে সুলতানিয়া আহমদ শাহ দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলে ছুটোছুটি ও গ্যাসে আক্রান্ত হয় বেশ কিছু শিক্ষার্থী।

গ্যাসে আক্রান্ত শিক্ষার্থী নিলু আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে পরীক্ষা দিতে মাদ্রাসায় যায়। এসময় আওয়াজে মাদ্রাসায় আতঙ্ক সৃষ্টি হয়।

মাদ্রাসার তিন তলা ভবন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে এবং বাইরে বের হয়ে আসার পর গ্যাসে আক্রান্ত হন তিনি।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই পংকজ বড়ুয়া জানান, সকাল সাড়ে ১১টার দিকে গ্যাসে ছয় জনকে হাসপাতালে ভর্তি করা হয়।