চাঁদপুরে ৭ জেলে আটক
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার সময় চাঁদপুরে জালসহ সাত জেলেকে আটক করেছে কোস্টগার্ড।
শনিবার সকালে মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ লাখ মিটার জাল ও ৪শ’ ৫০ কেজি ইলিশসহ এদের আটক করে।
কোস্টগার্ড স্টেশন কমান্ডার মো. মাহফুজুল ইসলাম জানান, আটককৃত জাল ও ইলিশ কোস্টগার্ডের হেফাজতে রয়েছে।
আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়া হবে বলেও তিনি জানান।
এদিকে মুন্সীগঞ্জ থেকে ১ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০০ ইলিশ উদ্ধার করেছে কোস্টগার্ড।
সকালে গজারিয়া উপজেলার চর বলাকী এবং এর আশপাশ এলাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে এগুলো আটক করা হয়।
তবে এ সময় কাউকে আটক করতে পারেনি।
কোস্টগার্ডের পেটি অফিসার সামসুর রহমান জানান, জালগুলো উদ্ধার করে নারায়ণগঞ্জের পাগলায় নিয়ে যাওয়া হয়েছে। পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে দেয়া হবে।
ইলিশ প্রজনন মৌসুমে ১৩ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার।
