চট্টগ্রামে ৪ লাখ চামড়া সংগ্রহ
এবারের কোরবানির ঈদে চার লাখের মতো গরু-ছাগলের চামড়া সংগ্রহ করেছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা।
তবে মধ্যস্বত্ত্বভোগীদের কারণে দাম একটু বেশি পড়েছে অভিযোগ তাদের।
ব্যবসায়ীদের ভাষ্যমতে, এবার চট্টগ্রামের চামড়ার বাজারে নতুন ব্যবসায়ীদের অনভিজ্ঞতা এবং মধ্যস্বত্ত্বভোগীদের কারণে গৃহস্থের কাছ চামড়া কেনার পর কয়েকবার হাতবদল শেষে আড়তদারের কাছে যাওয়ায় দাম বেশি পড়েছে।
এতে ঈদ সামনে রেখে নতুন গজিয়ে ওঠা মৌসুমী ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। একইসাথে আড়তদারদেরও কিছু বেশি দরে চামড়া কিনতে হয়েছে।
এদিকে আড়তদাররা লবণ দিয়ে চামড়া সংগ্রহের পাশাপাশি ঢাকার ট্যানারি মালিকদের কাছে তা্ বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছেন।
চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার সমিতির সভাপতি মুসলিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার পর্যন্ত চট্টগ্রামে প্রায় চার লাখ কাঁচা চামড়া সংগ্রহ হয়েছে। এর মধ্যে তিন লাখের মতো গরু, ৮০ হাজার ছাগল ও পাঁচ হাজার মহিষের চামড়া রয়েছে।
প্রায় দুইশ’র মতো আড়তদার এসব চামড়া কিনেছেন।
তিনি বলেন, সর্বনিম্ন আটশ থেকে শুরু করে আড়াই হাজার টাকা পর্যন্ত দরে প্রতিটি ছোট-বড় চামড়া কিনেছে আড়তদাররা।
ব্যবসায়ী মুসলিম উদ্দিন বলেন, বিভিন্ন পাড়ায় ঈদকে সামনে রেখে গজিয়ে ওঠা কিছু নতুন ব্যবসায়ী বেশি দামে চামড়া কেনার পর ফরিয়াদের কাছে কমদামে বিক্রি করেছে। তা কয়েক হাত ঘুরে আড়তদারদের কাছে এসেছে।
এবার চাঁদাবাজি বা চামড়া নিয়ে টানাটানির মতো ঘটনা না থাকলেও একটু বেশি দরেই আড়তদাররা চামড়া কিনেছে বলে জানান তিনি।
নগরীর মুরাদপুর এলাকার আড়ত এ আই লেদারে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৩৮ হাজার চামড়া কেনা হয়।
প্রতিষ্ঠানটির ম্যানেজার মাইনুদ্দিন মোহাম্মদ মিঠু বলেন, আরো চামড়া সংগ্রহ হবে। লবণ দিয়ে প্রাথমিকভাবে সংরক্ষণের পর তা ঢাকার ট্যানারি মালিকদের কাছে বিক্রি করা হবে।
তিনি বলেন, আগে থেকে চামড়ার দাম নির্ধারণ থাকলেও মৌসুমি ব্যবসায়ীরা অনেকক্ষেত্রে বেশি দরে চামড়া কিনেছে। পরে এতে তাদের যেমন ক্ষতি হয়েছে, তেমনি আড়তদারদেরও।
ঢাকার জন্য প্রতি বর্গফুট চামড়া ৯০ টাকা এবং চট্টগ্রামের জন্য এ দর ছিল ৮০ টাকা। অনেকে ঢাকার দরেই চামড়া কিনেছে বলে জানা গেছে।
শেষ পর্যন্ত ট্যানারি মালিকরা কত দরে কিনবে তার ওপর নির্ভর করছে আড়তদারদের লাভ-ক্ষতি।
