ফেনীতে শিবিরের অগ্নিসংযোগ ও হাতবোমা বিস্ফোরণ
ফেনী সদর থেকে এক নেতার গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে অগ্নিসংযোগ ও হাতবোমা বিস্ফোরণ করেছে ইসলামী ছাত্র শিবিরের নেতা-কর্মীরা।
শুক্রবার সকালে শহরের ট্রাংক রোড থেকে শুরু করে আদালত পাড়া পর্যন্ত সড়ক অবরোধ করে শিবির নেতা-কর্মীরা।
তারা সড়কের উপর টায়ার জ্বালিয়ে, গাছের গুড়ি ও ইট পাটকেল ফেলে অবরোধ সৃষ্টি করে এবং বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে বলে জানান জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. সামছুল আলম সরকার।
সামছুল আলম জানান, শুক্রবার সকাল ১০টার দিকে শহরের মদিনা বাসস্ট্যান্ড এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে শিবিরের ঈদ পুর্ন-মিলনী অনুষ্ঠান চলাকালে পুলিশ অভিযান চালায়। সেখান থেকে শহর শিবিরের প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল আহসানকে গ্রেপ্তার করে পুলিশ।
এঘটনার প্রতিবাদে সকাল ১১টার দিকে শিবির নেতা কর্মীরা শহরের ট্রাংক রোড থেকে শুরু করে আদালত পাড়া পর্যন্ত সড়ক অবরোধ করে, অগ্নিংসংযোগ করে এবং হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
পরে দুপুর সাড়ে ১২টার দিকে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
