জন্মদিনে রাসেলের কবরে ফুল
নানা কর্মসূচিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৪৯তম জন্মবার্ষিকী পালন করছে আওয়ামী লীগ।
দিনটি উপলক্ষে শুক্রবার সকালে বনানী কবরস্থানে ১৫ অগাস্টে নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল ও উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাশ।
পরে ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।
এছাড়া বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কোরানখানি এবং আছরের পর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
১৯৬৪ সালের ১৮ অক্টোবর জন্মগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই রাসেল, শিশু বয়সেই ঘাতকের বুলেটে যার মৃত্যু হয়েছিল।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট ধানমণ্ডি ৩২ নম্বরের বাসভবনে বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিহত হয় ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র রাসেল।
মার কাছে নেয়ার কথা বলে বাড়ির দোতলায় নিয়ে তাকে গুলি করে সেনা সদস্যরা।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাশ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দিনটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচি যথাযথভাবে পালন করার জন্য দলীয় নেতা-কর্মী, সমর্থক ও জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন।
