পুলিশি পাহারার মধ্যে ফখরুল-রিজভী কার্যালয়ে
নয়া পল্টনে বিএনপির অফিস ঘিরে কড়া নিরাপত্তার মধ্যেই দলীয় কার্যালয়ে উপস্থিত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আগের দিনের মতো শুক্রবারও সকাল থেকে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে আছে। রাস্তার একপাশে রয়েছে পুলিশের একটি সাদা মাইক্রোবাস ও একটি প্রিজন ভ্যান।
ফকিরাপুল ও বিজয়নগর মোড়ে পুলিশ চেকপোস্টও বসানো হয়েছে।
সকাল থেকে বিএনপি কার্যালয়ের বাইরে নেতাকর্মীদের কাউকে দেখা যায়নি।প্রধান ফটকে তালা দিয়ে তারা ভেতরে অবস্থান করছেন।
রুহুল কবির রিজভী কার্যালয়ে ঢোকেন ভোর ৪টার দিকে। এরপর বেলা ১১টার পর মির্জা ফখরুল এলে তাকে ভেতরে ঢুকিয়ে আবারো ফটকে তালা ঝুলিয়ে দেয়া হয়।
রিজভী সকালে টেলিফোনে বলেন, “অনেক কষ্টে পুলিশের দৃষ্টি এড়িয়ে আমি অফিসে এসেছি। একটি রাজনৈতিক দলের কার্যালয়ের বাইরে এহেন পুলিশি অবস্থান গণতান্ত্রিক রীতিনীতির বিরোধী। আমরা এর নিন্দা জানাই।’’
নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে আন্দোলনরত বিএনপি ২৫ অক্টোবর রাজধানীতে জনসভা করার ঘোষণা দিয়েছে। ওইদিন দা, কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে দলীয় কর্মীদের প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন বিএনপি নেতা সাদেক হোসেন খোকা।
ওই বক্তব্যের পর ঢাকা মহানগর বিএনপির প্রধান ও সাবেক মেয়রের বাড়িতে একাধিকবার অভিযান চালায় পুলিশ। ঈদের পরদিন বৃহস্পতিবার ছুটির মধ্যেও বিএনপি কার্যালয় ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার বলেন, সরকার সমাবেশ বানচাল করতে জনমনে ‘আতঙ্ক সৃষ্টি’ করতে চায় বলেই বিএনপি অফিসের সামনে প্রিজন ভ্যান ও বাড়তি পুলিশ মোতায়েন করেছে।
সংবিধান অনুযায়ী আগামী ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচন হওয়ার কথা। এই সময়ে সরকারে থাকবে আওয়ামী লীগ এবং সংসদও বহাল থাকবে। তবে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না দাবি করে নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহালের দাবি করে আসছে বিএনপি।
