মিঠামইনে জলমহাল নিয়ে সংঘর্ষে নিহত ১
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় জলমহাল নিয়ে দুদলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ১০ জন।
বৃহস্পতিবার এ সংগর্ষে নিহত কামাল মিয়া অষ্টগ্রাম উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের পূর্ব কদমচাল গ্রামের মৃত ফজর আলী ভূঁইয়ার ছেলে।
পুলিশ জানায়, আহত কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের হবিগঞ্জ ও কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন ভুইয়া জানান, বেলা ১১টার দিকে বড়গোপ ফিসারিতে জামাল গ্রুপের লোকজন মাছ মারতে গেলে প্রতিপক্ষ মোসলেমের লোকজন বাধা দেয়। এতে দুপক্ষের সংঘর্ষ শুরু হয়।
ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষ আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন ধারালো অস্ত্র ব্যবহার করে।
সংঘর্ষের এক পর্যায়ে কামাল বল্লম বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে মিঠামইন থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এখনো কোনো পক্ষ মামলা দায়ের করেনি এবং কেউ গ্রেপ্তার হয়নি।
