চামড়া চড়া: সতর্ক ট্যানারি মালিকরা
মৌসুমি ব্যবসায়ীরা বেশি দাম হাঁকানোয় চামড়া ক্রয়ে ধরে চলো কৌশল নিয়েছেন ট্যানারি মালিকরা।
মৌসুমি চামড়া ব্যবসায়ীদের দাবি, চামড়া কেনায় ট্যানারি মালিকদের ধীরে চলো নীতির কারণে তারা বিপাকে পড়েছেন।
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. শাহিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদের দিন থেকেই আমরা ঢাকার চামড়া কেনা শুরু করে থাকি। তবে এবার মৌসুমি ব্যবসায়ীরা উল্টাপাল্টা দাম হাঁকানোয় আমরা চামড়া ক্রয় স্লো করে দিয়েছি।”
রাজধানীর হাতিরপুল এলাকার মৌসুমি চামড়া ব্যবসায়ী নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবার প্রান্তিক পর্যায়ে চামড়ার ক্রেতা কিছুটা বেশি ছিল। এ কারণে সাধারণ মানুষ উচ্চ মূল্যে চামড়া বিক্রি করতে চাইছেন। প্রতিযোগিতার কারণে আমাদের বেশি দামে কিনতে হয়েছে। কিন্তু এখন ট্যানারি মালিকরা আমাদের ক্রয়কৃত দামের চেয়ে কমদামে চামড়া কিনতে চাচ্ছেন। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, আমাদেরকে লস দিতে হবে।”
তবে শাহিন আহমেদ বলেন, “প্রান্তিক পর্যায়ে চামড়ার দাম বেশি নয়। এটা মৌসুমি ব্যবসায়ীদের প্রচারণা। বেশি লাভ পাওয়ার জন্য তারা এই প্রচারণা করছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা সময় নিচ্ছি।”
ঈদ সামনে রেখে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন ইতোমধ্যে কোরবানির পশুর চামড়া সংগ্রহের দাম বেঁধে দিয়েছে।
নির্ধারিত দাম অনুযায়ী ব্যবসায়ীরা ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া কিনবেন ৮৫-৯০ টাকায়। আর ঢাকার বাইরে কিনবেন ৭৫-৮০ টাকায়।
সারাদেশে প্রতি বর্গফুট খাসির চামড়ার দাম ৫০-৫৫ টাকা, বকরির চামড়া ৪০-৪৫ টাকা এবং মহিষের চামড়া ৪০-৪৫ টাকা ঠিক করা হয়েছে।
গত বছর কোরবানির পশুর চামড়ার দাম ঠিক না করে বাজারের ওপর ছেড়ে দেয়া হয়েছিল।
বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বেলাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের নির্ধারিত দামে চামড়া ক্রয় করার চেষ্টা করছি, এর বাইরে যাব না।”
“বুধবার বিকালের দিকে অনেক স্থানে মৌসুমী ব্যবসায়ীরা গরুর প্রতি বর্গফুট চামড়া ১০০ টাকারও বেশি হাঁকা শুরু করেন। আমরা তো এটা মানতে পারি না। আগেভাগেই দাম নির্ধারণের মাধ্যমে এবার আমরা পরিকল্পিতভাবে চামড়ার বাজার বিন্যস্ত করতে চেয়েছিলাম। তা কিছুটা হলেও এলোমেলো হয়ে গেছে।”
তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে করেন বেলাল হোসেন।
বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আলী হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা খবর পাচ্ছি বিভিন্ন এলাকায় মৌসুমি ব্যবসায়ীরা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চামড়া ক্রয় করছেন।”
