ঈদের শিক্ষায় বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঈদ উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, “প্রিয় বস্তুকে মহান আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গের মাধ্যমে তার সন্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত হযরত ইব্রাহীম (আ.) স্থাপন করে গেছেন, তা বিশ্ববাসীর জন্য চিরকালই অনুকরণীয় ও অনুসরণীয়।”
বাংলাদেশের ইসলাম ধর্মাবলম্বীরা বুধবার ঈদুল আজহা পালন করবে। মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবে পশু কোরবানি দেয়া হয়, যার মধ্য দিয়ে নিজের ভেতরের কলুষতাকে বর্জন এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভই ইসলামের শিক্ষা।
ফাইল ছবি
ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কর্মকাণ্ডে অংশ নিয়ে বৈষম্যহীন এক সুখী-সমৃদ্ধ শান্তিপূর্ণ দেশ গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
ঈদ উপলক্ষে বুধবার সকালে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে বিশিষ্টজন ও সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, সকাল ৯টায় গণভবনের লনে দলীয় নেতা-কর্মী, পেশাজীবী, গণ্যমান্য ব্যক্তি, কূটনীতিক, বিচারক ও সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শুরু হবে।
পরে বেলা ১১টায় তিনি কূটনীতিক ও সুপ্রিম কোর্টের বিচারকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।
