২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দুর্গতিনাশিনীকে’ বিদায় জানাল চট্টগ্রাম

তেল, সিঁদুর আর মিষ্টিমুখ করিয়ে দেবী দুর্গাকে বিদায় জানালেন বন্দর নগরীর চট্টগ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2013, 08:32 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

সনাতনী পঞ্জিকা মতে, দেবী দুর্গা এবার এসেছেন দোলায় (পালকি) আর ফিরে যাচ্ছেন গজে (হাতি)।  

সোমবার দশমীতে পূজা শেষে দেবী দুর্গার চরণে পুষ্পাঞ্জলি আর দর্পন বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হল বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয় দুর্গা পূজা।

হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, দর্পন বিসর্জনের পর দেবী দুর্গা মর্ত্য থেকে ফিরে গেছেন স্বামীর ঘর কৈলাসে। আবার আসবেন আগামী বছর। 

দর্পন বিসর্জনের পর থেকে শুরু হয় প্রতিমা বিসর্জনের আয়োজন। দুপুর গড়াতেই পতেঙ্গা সমুদ্র সৈকতের উদ্দেশে শুরু হয় প্রতিমাবাহী ট্রাকের বর্ণিল শোভা যাত্রা।

কাঁসা, ঘণ্টা আর ঢোলের বাদ্যে ‘জয়, দুর্গা মায়ের জয়’ ধ্বনি তুলে একের পর এক ট্রাক ছুটে যায় পতেঙ্গা সমুদ্র সৈকতের দিকে। প্রতিমা নিরঞ্জনের সুবিধায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়।

চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দেবনাথ বলেন, এ বছর নগরীতে ২৬৩টি মণ্ডপে পূজা হয়েছে।

তার মধ্যে দেড় শতাধিক প্রতিমা পতেঙ্গায়, আর বাদবাকিগুলো কালুর ঘাটে কর্ণফুলী নদী, কাট্টলি রাসমনি ঘাট, পারকি বিচ ও বিভিন্ন পুকুরেও প্রতিমা বিসর্জন দেয়া হচ্ছে বলে জানান তিনি।

দেবী দুর্গাকে শেষ বারের মত বিদায় জানাতে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে নামে মানুষের ঢল। হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি অন্যন্য ধর্মাবলম্বীরাও ভিড় জমায় সেখানে।

বিসর্জন উপলক্ষে পতেঙ্গা সমুদ্র সৈকত ও তার আশে পাশের এলাকা জুড়ে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) মনজুর মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পতেঙ্গা সমুদ্র সৈকতে বিসর্জনের গাড়িগুলো সিমেন্ট ক্রসিং, এয়ার পোর্ট, নেভাল রোড হয়ে সৈকতে যাচ্ছে ও কাঠগড় হয়ে ফিরে আসছে।

তিনি আরো জানান, প্রতিমাবাহী ট্রাক যাতায়াতের বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছা সেবক বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

সেরা পূজামণ্ডপ

চট্টগ্রাম মহানগীর সেরা মনোনীত হয়েছে গোসাইলডাঙ্গা একতা সংঘের পূজামণ্ডপ।

পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পূজার শাস্ত্রিক দিকসহ বিভিন্ন দিক বিবেচনায় রেখে সেরা পূজা মণ্ডপ নির্ধারণ করা হয়েছে।

দ্বিতীয় হয়েছে দক্ষিণ নালাপাড়া সার্বজনীন দুর্গা পূজা উদযাপন পরিষদের পূজামণ্ডপ, তৃতীয় হয়েছে লালখান বাজার সনাতনী সমাজ কল্যাণ পরিষদের পূজামণ্ডপ।