রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল আর নেই
ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল কবির আর নেই।
হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার দুপুরে মারা গেছেন তিনি। তার বয়স হয়েছিল ৭২ বছর।
দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি ছিলেন শফিকুল। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া শোক প্রকাশ করেছেন।
পরিবারের সদস্যরা জানান, দুপুর ২টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে জুরাইনের বাসা থেকে হাসপাতালে নেয়ার পথে শফিকুল কবির মারা যান।
গত শতকের ’৭০ এর দশকে ইত্তেফাকে ‘নোনতা খান’ নামে কলাম লিখে বেশ পরিচিতি পান এই সাংবাদিক। ১৯৭২ সালে ইত্তেফাকের মাধ্যমেই তার সাংবাদিকতার শুরু।
তিনি রাজনীতি, অর্থনীতি ও ক্রীড়া ক্ষেত্রে বহুমাত্রিক লেখা ও রিপোর্টিং করেছেন। ‘পিকাডেলী থেকে ঢাকা’সহ কয়েকটি প্রকাশনাও রয়েছে তার।
শফিকুলের মরদেহ সন্ধ্যায় প্রথমে সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে নেয়া হয়। সেখানে জানাজা শেষে জাতীয় প্রেসক্লাবে তার দ্বিতীয় জানাজা হয়।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বাসিন্দা শফিকুল কবির স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
তার মৃত্যুতে জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান শোক জানিয়েছেন।
সাংবাদিকদের নানা সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন শফিকুলের মৃত্যুতে শোক জানিয়েছেন।
