রামপালে বিদ্যুৎকেন্দ্রের প্রতিবাদে পদযাত্রা সমাপ্ত
রামপালে কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদে ‘নির্ভীক’ নামের একটি সংগঠনের পদযাত্রা শেষ হয়েছে।
রোববার সকাল সাড়ে নয়টায় রামপালের ফয়লা বাজার বাসস্ট্যান্ড মোড়ে সমাবেশের মধ্য দিয়ে তাদের চার সদস্যের দলটির ২১০ কিলোমিটার পদযাত্রা শেষ হয়।
গত ৮ অক্টোবর নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নির্ভিকের প্রধান সমন্বয়কারী ও নারায়ণগঞ্জ নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, সদস্য মঞ্জুরুল আলম মুসা (৩৮), বিল্লাল হোসেন (৪৫) এবং ফজলুল হক (৫৫) যাত্রা শুরু করে।
পদযাত্রা শেষে ‘রামপাল কৃষি জমি রক্ষা কমিটি’র নেতারা ফয়লা বাজারে এ দলকে সংবর্ধনা দেয়।
এর আগে শনিবার সকালে পদযাত্রা দলটি গোপালগঞ্জ হয়ে বাগেরহাটে ঢোকে। গভীর রাতে দলটি খুলনা-মংলা জাতীয় সড়কের কাটাখালী মোড়ে পৌছে সেখানে রাত্রিযাপন করে।
রোববার ভোরে তারা কাটাখালী থেকে ১০ কিলোমিটার হেঁটে সকাল পৌনে নয়টার দিকে রামপালের ফয়লা বাজার বাসস্ট্যান্ডে পৌছান তারা।
এটিএম কামাল জানান, তাদের এই অরাজনৈতিক সংগঠন থেকে টিপাইমুখ বাঁধ, সীমান্তে ফেলানী হত্যা, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাসহ বিভিন্ন ঘটনায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।
