‘যুদ্ধাপরাধে দণ্ডিতদের রাষ্ট্রপতির ক্ষমা নয়’
মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিতদের রাষ্ট্রপতির ক্ষমার অযোগ্য ঘোষণা করতে এ সংক্রান্ত আইন সংশোধনের দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
পাশাপাশি রায়ে ‘মানবিক’ দিক বিবেচনার বিষয়টি পরিহার করা জরুরি বলে মনে করে এই সংগঠন।
হত্যা-গণহত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হলেও জামায়াত নেতা গোলাম আযম এবং আবদুল আলীমকে আমৃত্যু কারাদণ্ডের রায়ের পরিপ্রেক্ষিতে এক বিবৃতিতে সংগঠনটি এ কথা জানিয়েছে।
রোববার সংগঠনের সভাপতি বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানীর সভাপতিত্বে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের এক জরুরি সভায় আবদুল আলীমকে আমৃত্যু কারাদণ্ড দেয়ায় হতাশা ও ক্ষোভ ব্যক্ত করে সরকারকে আপিলেরও আহ্বান জানানো হয়।
সংগঠনের এক বিবৃতিতে বলা হয়, অপরাধের দণ্ড অপরাধের ভয়াবহতা অনুযায়ী হওয়াই উচিত। ৭৩’র আইনেও তাই বলা হয়েছে। যে কোনো সভ্য সমাজে অপরাধীর বিচার করা অত্যন্ত জরুরি, যাতে ওই সমাজে অন্য সবাই অনুরূপ অপরাধ করা থেকে বিরত থাকে।
অপরাধ বিবেচনায় সর্বোচ্চ শাস্তি পাওয়ার যোগ্য হলেও বয়স ও স্বাস্থ্যের অবস্থা বিবেচনায় গত ১৫ জুলাই গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এছাড়া গত ৯ অক্টোবর হত্যা ও গণহত্যার মতো অপরাধ প্রমাণিত হলেও বয়স ও পঙ্গুত্বের কথা বিবেচনায় আবদুল আলীমকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়।
এ বিষয়ে বিবৃতিতে বলা হয়, গণহত্যাকারী, মানবতাবিরোধী অপরাধী ও যুদ্ধাপরাধীদের প্রতি মানবিকতা দেখানো কখনোই এসব অপরাধীর বিচারের উদ্দেশ্য হতে পারে না। জাতীয় এবং আন্তর্জাতিক আইনে গণহত্যাকারী মানবতাবিরোধী অপরাধীদের প্রতি মানবিকতা প্রদর্শন নজিরবিহীন।
“৪২ বছর পর আজ যাদের বিচারের সম্মুখীন করা হয়েছে তারা সকলেই বয়স্ক। সুতরাং বয়সের বিবেচনায় মানবিকতা যদি দেখাতেই হয় তাহলে এই বিচার অর্থহীন হয়ে যাবে।”
কাদের মোল্লার আপিলের পূর্ণাঙ্গ রায় এখনো প্রকাশিত না হওয়ায় এই রায় বাস্তবায়ন ‘দীর্ঘসূত্রতার বেড়াজালে’ আটকে গেছে বলেও মনে করছে ঘাতক দালাল নির্মূল কমিটি।
সভায় ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির, সহ-সভাপতি শ্যামলী নাসরীন চৌধুরী, অধ্যাপক মুনতাসীর মামুন ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, চলচ্চিত্র নির্মাতা শামীম আখতার, সাধারণ সম্পাদক কাজী মুকুল, সাংগঠনিক সম্পাদক বায়েজিদ আক্কাস, আইন সম্পাদক তুরিন আফরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।
