২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে নারী শ্রমিকের লাশ উদ্ধার

গাজীপুরের শ্রীপুর উপজেলা যুগীরসিট গ্রামে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2013, 06:53 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

রোববার সকাল ১১টার দিকে নিহত স্মৃতি আক্তারের (২২) লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তিনি ওই গ্রামের জাকির হোসেনের দ্বিতীয় স্ত্রী। ঘটনার পরে জাকির পলাতক রয়েছেন।

জাকিরের মা রোকেয়া বেগম জানান, স্মৃতি ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার রফিকুল ইসলামের মেয়ে। তিনি ভালুকা উপজেলার মাস্টারবাড়ী এলাকার বাদশা টেক্সটাইল মিলে কাজ করতেন।

গত তিন মাস আগে জাকির ও স্মৃতি নিজেরাই বিয়ে করে। এক মাস আগে পরিবারের সম্মতিতে তাদেরকে বাড়িতে উঠানো হয়।

তাদের মধ্যে বিরোধ ছিল না বলে জানান তিনি।

সকাল ৭টার দিকে স্মৃতির ঘরের দরজা খোলার জন্য ডাকাডাকি করলেও দরজা না খোলায় জাকির ঘরের চালের নিচ দিয়ে ঢুকে স্মৃতির ঝুলন্ত লাশ দেখতে পান।

এ ঘটনার পর থেকে জাকিরকে পাওয়া যাচ্ছে না।

শ্রীপুর থানার ওসি আমির হোসেন জানান,  শোবার ঘরের আড়ার সাথে শাড়ী ও ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

লাশের হাঁটু ঘরের চৌকিতে লাগানো ছিল বলে জানান তিনি।