২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সিটি কর্পোরেশন কর্মীদের অবরোধ-ভাংচুর

বেতন বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাংচুর চালিয়েছে গাজীপুর সিটি কর্পোরেশনের মাস্টার রোলের কর্মচারীরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2013, 05:30 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

টঙ্গী থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সিটি কর্পোরেশনের টঙ্গী অঞ্চলেরমাস্টার রোলে থাকা শতাধিক কর্মচারী তাদের সেপ্টেম্বর মাসের বেতন ও বোনাসের দাবিতে রোববার দুপুরে বিক্ষোভ মিছিল বের করে।

এরপর তারা টঙ্গী আঞ্চলিক অফিসের সামনে বেলা ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে এবং কয়েকটি গাড়ি ভাংচুর করে।

সিটি কর্পোরেশনের টঙ্গী জোনের হিসাবরক্ষণ কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, তার এলাকায় ৩৪৮জন কর্মচারী রয়েছেন, যাদের দৈনিক হাজিরার ভিত্তিতে মজুরি দেয়া হয়। তাদের কারো বেতন বকেয়া নেই। তবে তাদের উৎসব বোনাস দেয়ার কোনো নিয়ম নেই।

কর্তৃপক্ষ চলতি মাস থেকেই মাস্টার রোলের কর্মীদের মজুরি বাড়িয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জানালে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিয়ে চলে যায় বলে নজরুল ইসলাম জানান।

টঙ্গীর ওসি বলেন, বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে গেলে বেলা সাড়ে ১২টার দিকে যান চালাচল আবার শুরু হয়।