২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশ সবার, অধিকার নিয়েই থাকবেন: প্রধানমন্ত্রী

ঢাকার রামকৃষ্ণ মিশন এবং ঢাকেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের অধিকার রক্ষার বিষয়ে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2013, 05:20 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

রোববার বিকালে মণ্ডপ পরিদর্শনে গেলে রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্মামী অমিও আনন্দ মহারাজ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমরা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বঙ্গবন্ধুর ডাকে সকলে মিলে মুক্তিযুদ্ধ করেছি। পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর মুক্তিযুদ্ধের চেতনা পরিবর্তন করে ফেলা হয়।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

“আমরা সংবিধান সংশোধন করে সকল মানুষের ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করেছি। ধর্ম যার যার উৎসব সবার। আমরা সকলে আত্মীয়র মতো বাস করি।”

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, অতীতে অনেক ঘটনা ঘটেছে। আপনাদের ধর্মীয় অনুভতিতে আঘাত লেগেছে। যারা এগুলো করেছে তারা ধর্মীয় সম্প্রীতি চায় না।

“আমি আপনাদেরকে বলছি সকলে অধিকার নিয়ে এদেশে বাস করবে। আপনারা এই মাটির সন্তান। পূর্ণ অধিকার নিয়েই থাকবেন। এই আস্থা-বিশ্বাস আপনাদের থাকতে হবে।”

পরে প্রধানমন্ত্রী ঢাকেশ্বরী মন্দিরে যান।

ঢাকেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শন করে শেখ হাসিনা সকলকে মানব কল্যাণে নিবেদিত হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি বলেন, মানবতাকে আমরা সব সময়ই গুরুত্ব দিয়ে থাকি। এটা সকলের বাংলাদেশ। এখানে যে যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করবে। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া খুবই গর্হিত কাজ। আল্লাহর রহমতে সকলে এখন শান্তিপূর্ণ উৎসব পালন করে যাচ্ছে এটাই বাংলাদেশর আসল উদ্দেশ্য।

পরে প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করেন।