জামালপুরের নরুন্দিতে ১৪৪ ধারা জারি
একই সময় বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় জামালপুরের নরুন্দিতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
জামালপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলেয়া খাতুন জানান, রোববার সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত নরুন্দি চকপাড়া মাঠে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ থাকবে।
তিনি জানান, সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের নরুন্দি চকপাড়া মাঠে রোববার বিকালে সমাবেশ ডাকে ইউনিয়ন বিএনপি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুনের সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা। কিন্তু একই সময়ে একই স্থানে সমাবেশ ডাকে নরুন্দি ইউনিয়ন আওয়ামী লীগ।
রোববার সকাল থেকে পুলিশ নরুন্দি চকপাড়া মাঠ ঘিরে রেখেছে বলেও স্থানীয়রা জানান।
