২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ ঘণ্টা পর ‘মুক্ত’ তাজরিনের মালিক

বকেয়া বেতন ও ঈদের বোনাসের দাবিতে শ্রমিকদের হাতে সকাল থেকে অবরুদ্ধ তাজরিনের ফ্যাশনসের মালিক দেলোয়ার হোসেন রাতে ‘মুক্তি’ পেয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2013, 08:10 PM

Updated : 13 Oct 2022, 03:00 PM

শনিবার সকাল ৯টা থেকে থেকে রাজধানীর বাড্ডায় গ্রগতি সরণিতে হোসেন মার্কেটে তুবা গ্রুপের একটি অফিসে এই ব্যবস্থাপনা পরিচালককে অবরুদ্ধ করে রাখা হয়।

গত বছরের ২৪ নভেম্বর এই তুবা গ্রুপের তাজরিন গার্মেন্টেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রাত ১২টার দিকে বাড্ডা থানার ওসি মো. ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত সাড়ে ১১টার দিকে শ্রমিকদের বোনাস দেয়া শুরু করে কর্তৃপক্ষ। তখনই শ্রমিকরা তাদের অবরোধ তুলে নেয়।”

তুবা গ্রুপের অন্তত পাঁচটি পোশাক কারখানা রয়েছে, যেখানে কয়েক হাজার শ্রমিক কাজ করেন।

এর আগে দফায় দফায় বৈঠক করা হলেও দেলোয়ার হোসেন শ্রমিকদের ঈদের আগে বেতন দিতে পারবেন না বলে জানিয়ে দেন। এতে শ্রমিকরাও অবরোধ প্রত্যাহার করতে অস্বীকৃতি জানায়।

গুলশান জোনের ডিসি লুৎফুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তুবা গ্রুপের বিভিন্ন গার্মেন্টের অন্তত হাজার খানেক শ্রমিকের তিন মাসের বেতন ও বোনাস বাকি রয়েছে।

“তার গত কয়েকমাস ধরেই বেতন দাবি করে আসছিলেন। তবে মালিকপক্ষ তা আমলে নিচ্ছিল না।”

এদিকে বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলামের কাছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল- শ্রমিকদের পাওনা আদায়ে তারা কোনো উদ্যোগ নিয়েছেন কি না। 

জবাবে তিনি বলেন, “আমি তার সঙ্গে সন্ধ্যায় কথা বলেছি। তাকে বলেছি যেকোনো উপায়ে হোক শ্রমিকদের পাওনা পরিশোধ করতে। প্রয়োজনে জমি বিক্রি বা অন্য কোনো কিছু বিক্রি করে হলেও শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে নির্দেশ দিয়েছি। আমরা চাই শ্রমিকরা তাদের পাওনা বুঝে পাক।”

বিজিএমইএর এ ধরনের কোনো তহবিল নেই বলে তারা কোনো সহযোগিতা করতে পারছেন না বলে জানান তিনি।

গত বছরের ২৪ নভেম্বর রাতে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তুবা গ্রুপের পোশাক কারখানা তাজরিন ফ্যাশনসে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১০ জনের মৃত্যু হয়।