২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধী ধর্ষিত, অবৈধ সালিশে মীমাংসা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়িখাল ইউনিয়নে এক প্রতিবন্ধী নারীর ধর্ষণ ঘটনা সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2013, 08:09 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

শনিবার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়িখাল ইউনিয়ন পরিষদে সালিশ করে অভিযুক্তকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ঘটনার শিকার মেয়েটির বোন বলেন, “সালিশে আমাদের উপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে।”

এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, “বাদীপক্ষ রায় না মানে তাহলে আমার আর কিছু করার নেই।”

বয়স কম এবং ৬০ হাজার টাকার বেশি জরিমানা ছেলেটির দেয়ার সামর্থ না থাকায় এ রায় দেয়া হয়েছে বলে জানান তিনি।

তবে শ্রীনগর থানার ওসি মাহবুবুর রহমান জানান, ধর্ষণের ঘটনায় সালিশ করার বিধান নেই।

“এ বিষয়ে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সালিশ মীমাংসায় রাঢ়িখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে হারুন অর রশিদ, ইউপি সদস্য আব্দুল রব, আব্দুল আউয়ালসহ অর্ধশতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

এলাকার কয়েকজন বাসিন্দা জানান, এক সপ্তাহ আগে দুই সহযোগীসহ রাঢ়িখাল গ্রামের নুরুল হকের ছেলে জাহাঙ্গীর (১৮) প্রতিবন্ধী এক নারীকে ধর্ষন করে।

এতে নারীটি  অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য ঢাকার একটি ক্লিনিকে ভর্তি করা হয়।

ঘটনাটি জানাজানি হলে একটি মহল সালিশ মীমাংসার আয়োজন করে।