খালেদা জিয়ার থলে থেকেই আসুক: ইনু
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, “আমি চাই বেগম খালেদা জিয়ার প্রস্তাব অনুযায়ী নির্দলীয় সরকার কীভাবে গঠন করা যায়, কার নেতৃত্বে গঠন করা যায়, উনার থলে থেকেই সে প্রস্তাবটা বের হয়ে আসুক।”
শনিবার দুপুর সাড়ে বারটার দিকে কুষ্টিয়া মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন।
খালেদা জিয়া কী চাচ্ছেন তা স্পষ্ট না মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, “তিনি ঘোলা পরিবেশ তৈরি করে যুদ্ধাপরাধীদের বিচারটা আটকাতে চাচ্ছেন, তেতুল হুজুরদের বাঁচাতে চাচ্ছেন, হেফাজতে ইসলামের বোমাবাজদের রক্ষা করতে চাচ্ছেন, না তার দুর্নীতিবাজ পুত্রদের বাঁচাতে চাচ্ছেন বিষয়গুলো পরিষ্কার না।”
২৫ অক্টোবরের বিরোধী দলের আন্দোলন সর্ম্পকে মন্ত্রী বলেন, “বিএনপি অতীতের রাজনীতির পুরানো কৌশল হিসাবে রাজপথে মিছিল মিটিং করে শক্তি প্রয়োগ করার চেষ্টা করছে। কিন্তু সমাধান তো সংলাপে।”
“যদি সংবিধান পরিবর্তন করতে হয় অথবা কোন আইন পরিবর্তন করতে হয়, তাহলে সেটাতো আলোচনার মধ্য দিয়ে করতে হবে। যতই মিছিল করেন মিটিং করেন তা দিয়ে তো আইন পরিবর্তন হবে না।”
পুজা মণ্ডপ পরিদর্শন শেষে জাসদের সভাপতি ইনু একই স্থানে তার দল আয়োজিত সমাবেশে বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ অন্যরা।
