২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের ভাষা সৈনিক আবুল বশর নেই

সিলেট অঞ্চলের ভাষা সৈনিক অধ্যাপক আবুল বশর আর নেই।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2013, 06:03 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

শনিবার সকাল ৮টা ২০ মিনিটে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন তার বড় ছেলে আবুল হাসনাত সুমন।

সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দীর্ঘদিন ধরে মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত রোগে ভুগছিলেন।

আবুল বশর ১৯৩৪ সালের ১৭ জানুয়ারি সিলেট শহরের জল্লারপারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম রিয়াছত উল্লাহ এবং মা হামিদা বানু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

আবুল হাসনাত সুমন বলেন, “গত ১৩ সেপ্টেম্বর তার বাবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।”

বিকেল সাড়ে ৩টায় আবুল বশরের মরদেহ সর্বস্থরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়।

পরে বাদ আসর নগরীর নয়াসড়ক জামে মসজিদে জানাজা শেষে মানিকপীর কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।