২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাবতলী হাটে ক্রেতা নেই, অপেক্ষা বিক্রেতার

কোরবানীর ঈদের আর মাত্র কয়েক দিন বাকি থাকলেও এখনো জমে ওঠেনি গাবতলী পশুর হাট।

গোলাম মুজতবা ধ্রুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2013, 11:53 PM

Updated : 23 Aug 2022, 07:04 PM

ঈদের আগের দিনই মূলত রাজধানীর অন্যতম বৃহৎ এ হাট ক্রেতা-বিক্রেতার দরাদরিতে সরগরম হয়ে উঠবে বলে মনে করছেন অনেকে।

শুক্রবার গাবতলী পশুর হাট ঘুরে দেখা যায়, গরু নিয়ে অপেক্ষায় আছেন বিক্রেতারা।

ক্রেতার উপস্থিতি তেমন না হওয়ায় কাঙ্ক্ষিত দামও উঠছে না। তাই বিক্রিও তেমনটা নেই বলে জানান পশুর মালিকরা।

হাটে ঢুকতেই ফরিদপুরের মধুখালী উপজেলার সিতারামপুর দাসপাড়া গ্রামের দিগমচন্দ্র দাশকে দুটো গরুর শরীরে পানি ঢেলে পরিচর্যা করতে দেখা যায়।

দাম জানতে চাইলে তিনি বলেন, পাঁচ লাখ হলে গরু দুটি বিক্রি করবেন। তবে এখনো ওই ধরনের ক্রেতারা হাটে আসেননি।

শুক্রবার পর্যন্ত এ হাটে যেসব গরু এসেছে সেগুলোর মধ্যে সাদা রংয়ের একটি অস্ট্রেলিয়ান গরু সবার নজর কাড়ে। কুষ্টিয়া থেকে গরুটি নিয়ে এসেছেন আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, “আমার সাদা বড় গরুটায় ২০ মনের বেশি মাংস হবে। ১২ লাখ টাকার নিচে এটা বিক্রি করতে পারবো না।”

রাজ্জাক জানান, ওই গরুর বয়স এখন প্রায় তিন বছর। মাত্র ১৩ মাস বয়সে গরুটিকে চট্টগ্রাম থেকে সাত লাখ টাকায় কিনেছিলেন। এই গরুর খাবারের জন্য প্রতি মাসে দুই হাজার টাকার বেশি খরচ হয়েছে তার।

তিনি বলেন, এতো দাম দিয়ে গরু কিনবে এমন ক্রেতারা এখনো হাটে আসতে শুরু করিনি।

“তাই অপেক্ষায় আছি। মনে হয় ঈদের রাতেই ভালো ক্রেতা আসলে এটা বিক্রি করতে হবে।”

হাটের এক নম্বর হাসিল ঘরের সামনে লাল রঙের দুটো মাঝারি ধরনের গরু নিয়ে ক্রেতার জন্য অপেক্ষা করছিলেন মো. শরিফুল ইসলাম।

তিনি বলেন, প্রতিটি গরুতে চার মনের বেশি মাংস হবে। এগুলো ৪৫ হাজারের নিচে বিক্রি হবে না।

শুক্রবারেও হাট জমে না ওঠায় তিনি বলেন, ঈদের আগে আরো ভালো গরু আসবে ভেবে হয়তো এখনো ক্রেতারা হাটে আসা শুরু করেননি।

হাট পরিচালনা কমিটি হাসিলের বাইরেও অতিরিক্ত টাকা আদায় করছেন বলে অভিযোগ করেছেন একাধিক বিক্রেতা। তবে তাদের অভিযোগ অস্বীকার করেছে হাট পরিচালনা কমিটির কর্মকর্তারা।

এদিকে হাটে এখনো বেশি গরু না আসায় বিক্রেতারা বেশি দাম হাঁকাচ্ছেন বলে মনে করছেন বিক্রেতারা।

গাবতলীতে গরু কিনতে আসা কল্যাণপুরের বাসিন্দা মাসুম মোল্লা বলেন, হাট এখনো পুরোপুরি জমেনি। তাই বিক্রেতারা অনেক বেশি দাম চাইছে।

“হাটে এখনো সেভাবে গরু আসেনি। মনে হচ্ছে ঈদের আগের রাতেই গরু কেনা ঠিক হবে।”

এদিন তাই হাটে এসে শুধু গরুর দাম যাচাই-বাছাই করতে দেখা যায় তাকে। 

মিরপুরের বাসিন্দা সেলিম আহমেদ বলেন, গাবতলী হাট থেকে ৫৬ হাজার টাকা দিয়ে কিছুক্ষণ আগে একটি গরু কিনেছেন তিনি।

গাবতলী পশুর হাট পরিচালনা কমিটির সদস্য সানোয়ার হোসেন বলেন, “গাবতলীতে বছরের প্রায় পুরোটা সময়ই গরু কিনতে পাওয়া যায়। তবে ঈদকে ঘিরে চলে ভিন্ন রকম আয়োজন। ঈদের সময় যত ঘনিয়ে আসবে ক্রেতা ততোই বাড়বে।”

দারুস সালাম থানার ওসি খলিলুর রহমান বলেন, গাবতলী পশুর হাটের ক্রেতা- বিক্রেতারদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

পুরনো খবর:

হাসপাতাল ঘিরে পশুর হাট, ভোগান্তি