এটি অসমাপ্ত বিপ্লবের গান: জয়
স্বাধীনতার চেতনা ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে ইন্টারনেটে একটি সুরচিত্র বা মিউজিক ভিডিও ছেড়েছে আওয়ামী লীগ, যা নিয়ে ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছেন সজীব ওয়াজেদ জয়।
শুক্রবার রাত ৯টা ১৯ মিনিটে দেয়া ওই স্ট্যাটাসে জয় সুরচিত্রটিকে অসমাপ্ত বিপ্লবের গান হিসাবে অভিহিত করেন।
জয় বলেন, “মুক্তিযুদ্ধের সময়ের ধ্রুপদী গানগুলোর কথা আশা করি সবারই মনে আছে। আমাদের স্বাধীনতা যে প্রতিশ্রুতি নিয়ে এসেছিল তা ১৯৭৫ এর অভ্যুত্থান এবং পরবর্তী সামরিক ও আধা সামরিক শাসন দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছিলো। আজকের আওয়ামী লীগ সরকার সে অসমাপ্ত বিপ্লবের প্রতিশ্রুতি পূরণ করছে।”
আওয়ামী লীগের সুরচিত্রটি শুরু হয়েছে জেগে ওঠার আহ্বান জানিয়ে।
“আবারো ভোর
আবারো অপেক্ষা
আবারো জেগে ওঠো
এখনই সময়।”
প্রধানমন্ত্রী তনয় স্ট্যাটাসে বলেন, “বাংলাদেশে গত পাঁচ বছরে প্রতিটি ক্ষেত্রে যে অগ্রগতি অর্জিত হয়েছে তা ১৯৭৫ এর পরবর্তী যেকোন সরকারের অর্জনের চেয়ে বেশি, কিন্তু আমাদের আরও কাজ করতে হবে।”
গানটি ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমি আমাদের অসমাপ্ত বিপ্লবের জন্য একটি নতুন গান যোগ করতে চাই, যা আমাদের স্বাধীনতার চেতনা বর্তমান সময়ে ছড়িয়ে দিতে সাহায্য করবে। অনুগ্রহ করে আপনার সকল বন্ধুদের সাথে শেয়ার করুন।”
সব শেষে ইউটিউব লিঙ্কও দিয়েছেন তিনি।
সুরচিত্রটি শেষ হয়েছে সময়ের লাগাম ধরে সামনে বাড়ার আহ্বানে।
“তাই গর্জে ওঠো আবারো
পেছনে ফেলে সামনে বাড়ো
জয় বাংলা বলে আগে বাড়ো
সময়ের লাগাম ধরে
সামনে বাড়ো।”
