চট্টগ্রামে পাসপোর্ট ও ভুয়া ভিসাসহ গ্রেপ্তার ২
চট্টগ্রামে পাসপোর্ট ও ইরাকের ভুয়া ভিসাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার মো. ফারুক আহমেদ (৪৬) জামালপুর জেলার ধুরমোট সরকার বাড়ির এবং নজরুল ইসলাম (৩৫) টাঙ্গাইল জেলার মির্জাপুর শিরঘাটার বাসিন্দা। তারা মানব পাচারের সঙ্গে জড়িত বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
গোয়েন্দা পুলিশের এসআই হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকালে নগরীর স্টেশন রোড ও রেয়াজউদ্দিন বাজার এলাকায় বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে ১৬টি পাসপোর্ট, পাঁচটি ইরাকি ভুয়া ভিসা, একটি বিমান টিকেট, ইরাকের বিভিন্ন হোটেলের কক্ষ বরাদ্দের কাগজ ও অঙ্গীকারনামা উদ্ধার করা হয়।
এছাড়া পাচার করার উদ্দেশ্যে জড়ো করা পাঁচজন ব্যক্তিকেও এসময় উদ্ধার করা হয় বলে জানান এসআই হুমায়ুন।
তিনি বলেন, ফারুক ও নজরুল দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিমান বন্দর দিয়ে ভুয়া ভিসায় বিদেশে লোক পাঠিয়ে প্রতারণা করে আসছিল।
“বিদেশে পাঠানোর জন্য তারা জামালপুর, টাঙ্গাইল, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থান থেকে লোক এনে নগরীর বিভিন্ন হোটেলে জড়ো করেন।”
এসআই হুমায়ন বলেন, ইরাকে ভিসা চালু না থাকলেও সেখানে পাঠানোর নাম করে তারা বিভিন্ন জনের কাছ থেকে ১০ থেকে ১৬ লাখ টাকা করে হাতিয়ে নিয়েছে।
