২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় প্রকাশ্যে হত্যা মামলার আসামী খুন

বগুড়ায় দিনের বেলায় হত্যা মামলার এক আসামীকে কুপিয়ে খুন করেছে সন্ত্রাসীরা।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2013, 05:42 PM

Updated : 23 Aug 2022, 07:04 PM

শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে বগুড়া শহরের মালতিনগর দক্ষিণ পাড়ায় করতোয়া নদীর তীরে রায়হান আলী (২৪) এ হত্যাকাণ্ডের শিকার হন।

তিনি ঠনঠনিয়া ব্যাংক পাড়ার শাজাহান আলীর ছেলে।

বগুড়া সদর থানার ওসি সৈয়দ শহিদ আলম জানান,  নিহত রায়হান বগুড়া এসেনশিয়াল ড্রাগস কোম্পানির কর্মচারী ইমরান হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামী।

তার বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে বলে জানান তিনি।

এছাড়াও তার শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে তিনটি মামলা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “এই দুটির যে কোন একটি ঘটনার কারণে তিনি খুন হতে পারেন।”

মালতিনগর এলাকার আব্দুল হান্নান জানান, রায়হানের নানার বাড়ি মালতিনগর দক্ষিণপাড়ার কাছে বালাবাবা কামালিয়া মাজার এলাকায় করতোয়া নদীর তীরে নিহত হন।

সেখানে কয়েকজন যুবকের সঙ্গে রায়হানের ঝগড়া বিবাদের এক পর্যায় রাম দা দিয়ে মাথা, বুকে ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রায়হানের মৃত্যু নিশ্চিত করে নদী পার হয়ে পালিয়ে যায় যুবকরা বলে জানান তিনি।

তার দাবি স্থানীয় লোকজন এই হত্যাকাণ্ড হতে দেখলেও ভয়ে কেউ তাকে উদ্ধার করতে যায়নি।

পুলিশ রায়হানের লাশ উদ্ধার করে  ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।