হত্যাসহ ১৭টি মামলার আসামী শওকতের লাশ উদ্ধার
নিখোঁজের ১৫ দিন পর হত্যা, চাঁদাবাজি, ছিনতাই, মাদকসহ ১৭টি মামলার পলাতক আসামী শওকত আলীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শওকত উপজেলার মাছিমপুর এলাকার আব্দুল লতিফের ছেলে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গুতিয়াবো এলাকায় সড়কের পাশে তার লাশ পাওয়া যায়।
লাশটি উদ্ধার করে থানায় ফেরার পথে শওকতের সঙ্গীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিরতে পাঁচ পুলিশ সদস্য আহতও হয়েছেন।
এই ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে।
শওকতের বাবা আব্দুল লতিফ জানান, গত ২৬ সেপ্টেম্বর র্যাব পরিচয়ে সাদা পোশাকের কয়েকজন লোক মাছিমপুর বাজার থেকে তার ছেলেকে তুলে নিয়ে যায়।
“এরপর থেকে শওকত নিখোঁজ ছিল।”
তবে রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান ধারণা করছেন চাঁদার টাকার ভাগাভাগি নিয়ে তার লোকজনই শওকতকে শ্বাসরোধ করে হত্যা করে থাকতে পারে।
তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ছিনতাই, মাদকসহ ১৭টি মামলা রয়েছে। এসব মামলার সে পলাতক ছিল।
এলাকায় শওকত চাঁদাবাজি করত বলে জানান তিনি।
ঘটনাস্থল থেকে শওকতের লাশ নিয়ে থানায় ফেরার পথে শওকতের লোকজনের সঙ্গে পুলিশের কয়েক দফা ধস্তাধস্তি হয়েছে।
এতে পুলিশের উপ-পরিদর্শক একে আজাদ, মাহিদুল রহমান, আর্ম উপ-পরিদর্শক (এসআই) জলিল, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জয়নাল আবেদীন, শফিক মিয়া, কনস্টেবল কাশেম আহত হন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এই ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে বলে ওসি জানান।
শওকতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
