গাজীপুরে ট্রাক-টেম্পো সংঘর্ষে নিহত ৪
গাজীপুর সদর উপজেলায় ট্রাক ও টেম্পোর সংঘর্ষে চারজন নিহত ও কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বন্ধুগোয়ালিয়া গ্রামের আব্দুল হাইয়ের দুই ছেলে ওমর ফারুক (৩৬) ও সুমন (৩০) এবং রংপুরে মাহিগঞ্জের ঘোষাইবাড়ি এলাকার আব্দুল মতিনের ছেলে নূরে আলম (৪০)।
শুক্রবার সকালে উপজেলার নওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।
এঘটনায় আহতদের মধ্যে গাজীপুর সদরের দিঘীরচালা এলাকার সোহেল রানা (২৩), আল আমীন (২৫), চান্দনা চৌরাস্তা এলাকার নীলতম ঘোষ (৩৫) এবং নগপাড়ার আব্দুল খালেককে (৭০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত গাজীপুর সদরের কড্ডা এলাকার হামিদুর রহমানকে (৩৫) গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা সবাই ওই টেম্পুর যাত্রী।
নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল পৌনে ৯টার দিকে যাত্রীবাহী ওই টেম্পোর সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে সুমন ছাড়া বাকি তিন জন ঘটনাস্থলেই মারা যান। আর গাজীপুর সদর হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
আহত যাত্রী আব্দুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে টেম্পুযোগে কোনাবাড়ি যাওয়ার পথে নাওজোড় এলাকায় বিপরীতগামী একটি বাসের সঙ্গে তাদের টেম্পুর মুখোমুখি সংঘর্ষ হয়।
