উত্তরের পথে ভয়াবহ যানজট
ঈদ ও দুর্গাপূজায় ঘরমুখো মানুষের ভিড় শুরু হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু সড়কে কালিহাতীর এলেঙ্গা থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার রাস্তা জুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট।
এছাড়া কোনাবাড়ী থেকে যমুনা সেতু ও আশুলিয়ার বাইপাল থেকে চন্দ্রা পর্যন্ত পায় ৬০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
মহাসড়ক পুলিশের গোড়াই থানার ওসি জোবায়দুল আলাম জানান, বৃহস্পতিবার গভীর রাত থেকেই জট শুরু হয়। শুক্রবার ভোর থেকে সড়কে আরো গাড়ি নামার পর যানজটের দৈর্ঘ্য আরো বেড়েছে।
কোরবানীর পশুবাহী অসংখ্য ট্রাক এই পথ দিয়েই উত্তরবঙ্গের জেলাগুলো থেকে ঢাকার দিকে আসছে। এরই মধ্যে মাঝে মধ্যেই ট্রাক বিকল হওয়ায় এবং চালকরা লেন না মেনে এলোমেলোভাবে গাড়ি চালানোয় জটিলতা আরো বাড়ছে।
ওসি জোবায়দুল বলেন, “ঈদ সামনে রেখে পুরাতন ও ফিটনেসবিহীন বহু যানবাহন রাস্তায় নেমেছে। প্রতি দেড় সেকেণ্ডে দুটি গাড়ি চলাচল করে এ সড়কে।রাস্তায় ধারণ ক্ষমতার প্রায় ১০ গুণ বেশি যানবাহন চলছে।”
এ অবস্থা কাটিয়ে উঠতে হলে চার লেন নয়, আট লেনের রাস্তা করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
এই পুলিশ কর্মকর্তা জানান, উত্তরবঙ্গের ১৬টিসহ ২৬টি জেলার যানবাহন এই সড়ক দিয়েই রাজধানীতে আসা যাওয়া করে।
কোনাবাড়িস্থ সালনা মহাসড়ক ফাঁড়ির ওসি মো. আলমগীর সরকার জানান, শুক্রবার ভোর ৪টার দিকে কালিয়াকৈর উপজেলার সাহেব বাজার এলাকায় ট্রাক বিকল হয়ে পড়লে তা সরাতে গিয়েই যানজট শুরু হয়। এর প্রভাব পড়েছে ওই মহাসড়কের মৌচাক, সফিপুর ও চন্দ্রা ও জিরানীসহ টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত।
সকালে গাজীপুরের কালিয়াকৈরে একটি পণ্যবাহী ট্রাক সড়কের উপর বিকল হয়ে পড়লে যানজট বাড়তে থাকে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুর থেকে যমুনা সেতু পর্যন্ত কমপক্ষে ১৫টি পয়েন্টে অতিরিক্ত যানবাহনের চাপের কারণে যানজট রয়েছে।
এগুলোর মধ্যে গাজীপুর শহরের বাইপাস চৌরাস্তা, কোনাবাড়ী, কালিয়াকৈর উপজেলার মৌচাক, সফিপুর, চন্দ্রা, কালিয়াকৈর কলেজ রোড বাইপাস, টাঙ্গাইল জেলার মির্জাপুর, গোড়াই, করটিয়া যমুনা সেতুর পূর্ব পাশের বাস স্টেশনগুলোতে তীব্র যানজট লেগেছে।
যানজটের কারণে ছুটিতে ঘরমুখো যাত্রীদের ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে। ঢাকা থেকে টাঙ্গাইল আসতে যেখানে দুই থেকে তিন ঘন্টা সময় লাগে সেখানে সময় লাগছে ১০ থেকে ১২ ঘন্টা।
শ্যামলী পরিবহণের সুপারভাইজার শাহজাহান মিয়া জনি জানান, সিরাজগঞ্জ বাসস্টেশন থেকে কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় যাত্রীবাহী বাস নিয়ে আসতে সময় লেগেছে সাড়ে ৫ ঘন্টা।
টঙ্গাইলের মির্জাপুরের ব্যবসায়ী নাসির উদ্দিন জানান, দুর্গা পূজা ও ঈদে ঘরমুখো মানুষ বাড়ি ফেরার কারণে এ মহাসড়কে চালকরা এলোমেলো করে যানবাহন চালানোর কারণে সড়কের অনেক পয়েন্টে যানবাহন আটকে রয়েছে।
মির্জাপুর থেকে চন্দ্রায় আসতে তার চার ঘণ্টা লেগেছে বলে জানান তিনি।
পরিবার নিয়ে দিনাজপুরের পথে রওনা হওয়া বিধান সাহা জানান, তার বাস ঢাকা ছেড়েছে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায়। কিন্তু যমুনা সেতু পর্যন্ত পৌঁছাতেই তাদের সকাল হয়ে গেছে।
এই যানজটের মধ্যে নারী ও শিশুদের ভোগান্তি বেশি হচ্ছে বলে জানান তিনি।
ওসি জোবায়দুল আলাম বলেন, যানজট কমিয়ে আনার জন্য মহাসড়ক, থানা ও ট্রাফিক পুলিশ সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
