২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় সংঘর্ষে শিবিরকর্মী নিহত

চুয়াডাঙ্গার দর্শনায় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক কর্মী।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2013, 09:41 PM

Updated : 23 Aug 2022, 07:04 PM

এর প্রতিবাদে আগামী রোববার চুয়াডাঙ্গাসহ আশপাশের চার জেলায় আধবেলা হরতাল ডেকেছে শিবির।

নিহত শিবিরকর্মী রফিকুল ইসলাম (২৩) চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসাইনের মুক্তি দাবিতে বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভের ডাক দেয় জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠনটি। ওই বিক্ষোভ থেকে দামুড়হুদা উপজেলার দর্শনায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় শিবিরকর্মীরা।

স্থানীয়রা জানায়, বিকাল সাড়ে ৩টার দিকে দর্শনা রেল স্টেশন এলাকায় শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে।

জামায়াত দাবি করেছে, বিক্ষোভরত শিবিরকর্মীদের দিকে পুলিশ গুলি ছুড়লে রফিকুল নিহত হন।

পুলিশ একজনের মৃত্যুর কথা স্বীকার করলেও গুলি ছোড়ার কথা অস্বীকার করেছে। 

জামায়াতের চুয়াডাঙ্গা জেলা আমির আনোয়ারুল হক মালিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিবিরের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দেয়। তখন শিবিরকর্মীরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে পুলিশ গুলি ছোড়ে। গুলিতে ঘটনাস্থলেই এক শিবিরকর্মী নিহত হয়।”

লাশ পুলিশ নিয়ে গেছে বলেও জানান জামায়াত নেতা মালিক।

সংঘর্ষের বিষয়ে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশের গুলিতে নয়, হট্টগোলের সময় তার মৃত্যু হয়েছে। তবে কীভাবে মৃত্যু হয়েছে- তা নিশ্চিত হওয়া যায়নি।”

শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়লে সংঘর্ষ বাঁধে বলে দাবি করেন এই পুলিশ কর্মকর্তা।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী বলেন, “শিবিরকর্মীরা নাশকতামূলক ঘটনা ঘটানোর জন্য একত্রিত হয়েছিল। তারা পুলিশের ওপর মারমুখী হয়ে পড়লে পুলিশ ১৫ রাউন্ড গুলিবর্ষণ করে।

“তবে, কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো বলা যাচ্ছে না।”

জামায়াতের জেলা আমির আনোয়ারুল হক জানান, রফিকুল হত্যার প্রতিবাদে আগামী রোববার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুর ও কুষ্টিয়া জেলায় হরতাল ডেকেছে শিবির।”

এছাড়া শুক্রবার দোয়া দিবস ও শনিবার বিক্ষোভ মিছিল করবে সংগঠনটি।

এদিকে সংগঠনের সভাপতির মুক্তি দাবিতে বিক্ষোভ থেকে রাজশাহীতেও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় শিবিরকর্মীরা। সেখানে শিবিরের হামলায় আহত হন চার পুলিশ সদস্য।

ঝিনাইদহে পুলিশের ওপর বোমা ছুড়েছে শিবিরকর্মীরা। ঢাকার মহাখালী ও মতিঝিলে হাতবোমা ফাটিয়ে মিছিল করেছে সংগঠনটি।