২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুফতি হারুনকে জিজ্ঞাসাবাদ শুরু

মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় করা মামলায় মুফতি হারুনসহ চারজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2013, 07:58 PM

Updated : 25 Apr 2022, 07:22 PM

মামলার তদন্ত কর্মকর্তা ও খুলশী থানার এসআই মো. লোকমান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মুফতি হারুন, জুনায়েদ, হাবিব ও ইছহাককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে আনা হয়েছে। অন্যদের পরে আনা হবে।

এর আগে বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম সৈয়দ মাশফিকুল ইসলাম এসিড ও বিস্ফোরক আইনে দায়ের করা পৃথক দুটি মামলায় মুফতি হারুন ইজাহারকে পাঁচদিন করে, একজনকে একদিন ও অন্যদের তিনদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

সোমবার হেফাজত নেতা মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী পরিচালিত জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনা ঘটে।

এতে আহত হয়ে দুই মাদ্রাসা শিক্ষার্থী মারা যায়। পরে পুলিশ ঘটনাস্থল তল্লাশি করে চারটি তাজা গ্রেনেড ও গ্রেনেড তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়।

এছাড়াও ইজাহারের অফিস কক্ষ থেকে ১৮ বোতল এসিড উদ্ধার করা হয়, যা বিস্ফোরক তৈরির কাজে ব্যবহৃত হয় বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় সোমবার রাতে মুফতি ইজাহারুল ইসলাম, তার ছেলে হারুন বিন ইজাহারসহ ১২ জনের নাম উল্লেখ বিস্ফোরক আইনে ও মুফতি ইজাহারুল ইসলাম, তার ছেলে হারুন বিন ইজাহারকে আসামি করে এসিড আইনে পৃথক দুইটি মামলা করে পুলিশ।

এছাড়া ছাত্র মারা যাওয়ার ঘটনায় বুধবার রাতে মুফতি ইজাহার, তার ছেলে হারুন বিন ইজাহারসহ সাত জনকে আসামি করে অপর একটি হত্যা মামলা করা হয়।