গাজীপুরে অগ্নিকাণ্ডের তদন্ত শুরু
গাজীপুরে আসওয়াদ কম্পোজিট মিলস লিমিটেড-এ সংঘটিত অগ্নিকাণ্ডের তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস ।তবে তদন্তে গঠিত জেলা প্রশাসনের কমিটি কাজ শুরু করেনি।
এদিকে, শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা এলাকার এই পোশাক কারখানায় শ্রমিক-কর্মচারীদের বেতন ও ঈদ বোনাস বৃহস্পতিবার বিকেলে দেয়া শুরু হয়েছে।
মঙ্গলবার বিকেলে পলমল গ্রুপের এ কারখানায অগ্নিকাণ্ডে সাত শ্রমিক নিহত হন।
কারখানার জ্যেষ্ঠ ব্যবস্থাপক আব্দুল হালিম জানান, কর্মচারী ও শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস দেয়া হচ্ছে।
“বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে বেতন-বোনাস দেয়া শুরু হয়।”
এর আগে ৭ অক্টোবর শুধু শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হয়েছিল।
ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির সদস্য গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান লিটন জানান, বুধবার তদন্ত শুরু করা হয়েছে।
“ঘটনাস্থলের ছবি ও শ্রমিকদের সাথে কথাও বলা হয়েছে।”
তবে অধিকতর তদন্ত ছাড়া প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান নির্ণয় করা সম্ভব নয় বলে জানান তিনি।
এ ঘটনা তদন্তে মঙ্গলবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে দু’টি তদন্ত কমিটি গঠিত হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে করা তদন্ত কমিটি বৃহস্পতিবারও তদন্ত শুরু করতে পারেনি বলে জানান তদন্ত কমিটির প্রধান গাজীপুর জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মহসীন।
তিনি বলেন, “বুধবার লাশগুলো হস্তান্তর নিয়ে ব্যস্ত থাকতে হয়েছে।”
জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রতি পরিবারকে ২০হাজার টাকা এবং কারখানার পক্ষ থেকে ৫০ হাজার টাকাসহ লাশ বহনের খরচ দেয়া হয়েছে।
এছাড়াও কারখানা কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে আরো ৫লাখ টাকা করে ক্ষতিপূরণ ও দুই লাখ টাকা করে বীমার টাকা প্রদানেরও প্রতিশ্রুতি দিয়েছে।
