২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফকিরাপুলে ফ্ল্যাটে বিস্ফোরণ, উদ্ধার হল বিস্ফোরক-জামায়াতের সিডি

রাজধানীর ফকিরাপুলে একটি বাড়িতে বিস্ফোরণের পর সেখানে তল্লাশি চালিয়ে বিস্ফোরক এবং জামায়াতে ইসলামীর একটি সিডি পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2013, 09:03 PM

Updated : 23 Aug 2022, 07:03 PM

ওই বাড়িতে শতাধিক ছোট ছোট কৌটা এবং বিস্ফোরক পাওয়া যাওয়ায় সেখানে বোমা তৈরি হচ্ছিল বলেও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা মনে করছেন।

চট্টগ্রামে একটি মাদ্রাসায় গ্রেনেড তৈরির সময় বিস্ফোরণের দুদিনের মাথায় বুধবার রাজধানীতে এই ঘটনা ঘটল। দেশকে অস্থিতিশীল করতে নাশকতার অংশ হিসেবে মাদ্রাসায় গ্রেনেড তৈরি হচ্ছিল বলে পুলিশের দাবি।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফকিরাপুলের ১৯০/বি বাড়ির চতুর্থ তলায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এরপর পুলিশের বিস্ফোরক বিশেষজ্ঞ দলের সদস্যরাও সেখানে যান। তবে বিস্ফোরণের পর ওই ফ্ল্যাটে কাউকে পাওয়া যায়নি।

ঘটনাস্থলে কর্তব্যরত অতিরিক্ত উপকমিশনার ছানোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ঘরে তল্লাশি চালিয়ে শতাধিক ছোট ছোট কৌটা, অসংখ্য ছোট ছোট পাথর, প্রায় এক কেজি বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে।

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মেহেদী হাসান বলেন, “এখানে অন্তত ১০০টি ককটেল একসঙ্গে বিস্ফোরিত হয়েছে।”

ছানোয়ার বলেন, “এখানে ‘প্রেস’ লেখা দুটি বুলেট প্রুফ জ্যাকেট এবং জামায়াতে ইসলামীর মতিঝিল থানা শাখা লেখা একটি সিডি পাওয়া গেছে।”

ফকিরাপুল এলাকায় জামায়াতে ইসলামীর শক্তিশালী অবস্থান রয়েছে। বিভিন্ন হরতালে ওই এলাকায় দলটির কর্মীদের তৎপরতা দেখা যায়। এলাকাটিতে বহু মেস রয়েছে।

ছয়তলা ওই ভবনের মালিকের নাম কামরুন্নাহার। তিনি পুলিশকে জানিয়েছেন, এই মাসের ১ তারিখে জামাল উদ্দিন নামে এক ব্যক্তি ফ্লাটটি ভাড়া নেন। তার সঙ্গে আরো একজন থাকত।

তবে তারা কী করতেন বা তাদের পূর্ণাঙ্গ পরিচয় কী, পুলিশ তা জানাতে পারেনি। পুলিশ কর্মকর্তা ছানোয়ার বলেন, সে বিষয়ে খোঁজ-খবর চলছে।

ষাটোর্ধ্ব কামরুন্নাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিজানুর রহমান নামে এক ব্যক্তি ফ্ল্যাটে ছয় বছর ধরে ছিলেন। তিনি এই মাসে বাড়ি ছেড়ে দেন। তার সুপারিশেই নোয়াখালীর জামাল উদ্দিনকে ভাড়া দেয়া হয়েছিল।” 

বাড়িওয়ালী বলেন, ব্যাচেলর কাউকে তিনি বাড়ি ভাড়া দিতে চাননি। কিন্তু জামাল তাকে জানায়, তার স্ত্রী সন্তানসম্ভবা। পরে তাকে আনা হবে।

কামরুন্নাহারের স্বামী অসুস্থ হয়ে শয্যাশায়ী। তার একমাত্র ছেলে শ্বশুরবাড়ি নারায়ণগঞ্জে ছিলেন।

পাশের ফ্ল্যাটের বাসিন্দা মুক্তা নামে এক তরুণী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নতুন ভাড়াটেদের জানালায় সব সময় পর্দা থাকত। ফলে কিছুই নজরে আসত না।

কামরুন্নাহার বলেন, “বিস্ফোরণের শব্দ পেয়ে আমরা ভেবেছি আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে বাড়ির মেইন সুইচ বন্ধ করে দেয়া হয়।”

চতুর্থ তলার বিপরীত পাশের ফ্ল্যাটের গৃহকর্তা আব্দুল কাইয়ুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি বাইরে ছিলাম। বাসা থেকে সন্তানরা ফোন করে বলে, ‘বাবা, আগুন লেগেছে, আমাদের বাঁচাও’। ছুটে এসে দেখি এই অবস্থা।”

বিস্ফোরণের শব্দে পুলিশ কর্মকর্তাদের মধ্যে সর্বপ্রথম ঘটনাস্থলে যান স্থানীয় পুলিশ ফাঁড়ির পরিদর্শক বজলুর রশিদ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গিয়ে দেখি দরজা ভেঙে গেছে, সিলিং ফ্যান খুলে পড়েছে, ঘরে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে অসংখ্য কৌটা।”

সন্ধ্যায় বিস্ফোরণের পর ওই বাড়িটিসহ আশাপাশের এলাকা ঘিরে ফেলে পুলিশ। সবাইকে আটকে গভীর রাত পর্যন্ত পুলিশ তল্লাশি চালায়।

উপ কমিশনার মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিস্ফোরণের পরপরই এলাকাবাসী একজনকে রক্তাক্ত অবস্থায় ওই বাসা থেকে বেরিয়ে যেতে দেখেছে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, দুই কক্ষের ওই ফ্ল্যাটে বিস্ফোরণের সময় কেউ যে ছিলেন, তা মোটামুটি নিশ্চিত।

এই ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হবে বলে জানিয়েছেন তারা।

পুরনো খবর:

‘বড় ধরনের নাশকতার কেন্দ্র ছিল ইজাহারের মাদ্রাসা’