ট্রাকচাপায় গাইবান্ধায় ব্যবসায়ী নিহত
গাইবান্ধা সদরে ট্রাক চাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় গাইবান্ধা-লক্ষীপুর-সুন্দরগঞ্জ সড়কে ৭৫ নম্বর রেলগেট এলাকায় এ দুর্ঘটনায় নিহত তারা মিয়া (৪৮) উপজেলার কুপতলা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মমতাজ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীকে উদ্ধৃত করে গাইবান্ধা সদর থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্তী জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা বাইসাইকেলে বাড়ি থেকে গাইবান্ধা শহরের দিকে যাচ্ছিলেন।
৭৫ নম্বর রেলগেটের কাছে সুন্দরগঞ্জ থেকে গাইবান্ধাগামী একটি ট্রাক পেছন থেকে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
গাইবান্ধা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।
