বরিশালে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন
বরিশালে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
এছাড়া ওই ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাস কারাভোগ করতে হবে।
বুধবার বরিশালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মতিয়ার রহমান এ সাজা দেন।
দণ্ডিত আমিরুল ইসলাম যশোরের বাগডাঙ্গা এলাকার সৈয়দ আহম্মেদ আলীর ছেলে। তিনি এখন পলাতক রয়েছেন।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী হেদায়েতুল নবি জাকি জানান, ২০১১ সালের ৬ এপ্রিল নগরীর বেলতলা খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলসহ আমিরুলকে আটক করে র্যাব।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী মোটরসাইকেলের সিটের নিচে ৫ লিটার ফেন্সিডিল, ফেন্সিডিল বোতলের ৬০টি কর্ক ও ৮০টি লেভেল পাওয়া যায়।
এ ঘটনায় পরদিন (৭ এপ্রিল) বরিশাল মহনগরের কাউনিয়া থানায় একটি মামলা করেন র্যাব-৮’র উপ-পরিদর্শক জাহাঙ্গির হোসেন।
একই বছরের ১০ মে আমিরুলকে একমাত্র অভিযুক্ত করে অভিযোগপত্র দায়ের করেন কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো কামরুজ্জামান মিয়া।
৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দিয়েছে আদালত।
