মাদ্রাসায় বিস্ফোরণে আহত আরেক যুবকের মৃত্যু
চট্টগ্রামে হেফাজতে ইসলামের নেতা মুফতি ইজাহারুল ইসলাম নিয়ন্ত্রিত মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় আহত আরেক যুবকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এস আই পঙ্কজ বড়ুয়া জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৬টার দিকে জোবায়ের হোসেন (২৩) নামে ওই যুবকের মৃত্যু হয়।
জোবায়ের নগরীর লালখান বাজার এলাকায় জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসারই ছাত্র ছিলেন। তার বাবার নাম মকবুল হোসেন।
সোমবার হেফাজতে ইসলামীর নায়েবে আমির মুফতি ইজাহারুল পরিচালিত ওই মাদ্রাসার ছাত্রাবাসের একটি কক্ষে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। এতে ওই কক্ষের সব কিছু পুড়ে যায়, আহত হন অন্তত পাঁচ জন।
পরে মাদ্রাসায় তল্লাশি চালিয়ে হ্যান্ড গ্রেনেডসহ বিস্ফোরক এবং এসিডের অনেকগুলো বোতল উদ্ধার করে পুলিশ।
বিস্ফোরণের ঘটনার পর সোমবার দুপুর ও বিকালে হালিশহর জেনারেল হাসপাতাল ও পাঁচলাইশ থানাধীন সার্জিস্কোপ নামের দুটি বেসরকারি হাসপাতাল থেকে জোবায়েরসহ আহত চার যুবককে আটক করে পুলিশ। এরপর চট্টগ্রাম মেডিকেলে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।
এদের মধ্যে মো. হাবিব (২৫) নামে আরেক যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৩টার দিকে মারা যান।
আহত নুরুন্নবী নামের আরেক যুবককে সোমবার রাতে চট্টগ্রাম থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, নুরুন্নবী চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করা একজন ডিপ্লোমা প্রকৌশলী।
এছাড়া সালমান নামে আহত আরেক যুবক চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন।
বিস্ফোরক ও এসিড উদ্ধারের ঘটনায় ঘটনায় চট্টগ্রামের খুলশী থানায় বিস্ফোরক ও এসিড আইনে দুটি মামলা হয়েছে, যাতে মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী ও তার ছেলের হারুন বিন ইজাহারকে আসামি করা হয়েছে।
এর মধ্যে বিস্ফোরক আইনের মামলার এজাহারে হতাহত ওই চার যুবকেরও নাম রয়েছে।
ইজাহারপুত্র হারুনকে বুধবার ভোররাতে হাটহাজারী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
