চট্টগ্রামে আবার সাংবাদিকের মোটর সাইকেল চুরি
চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড় সংলগ্ন এলাকা থেকে এক সাংবাদিকের মোটর সাইকেল চুরি হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে যে কোনো সময়ে পাঁচলাইশ থানাধীন প্রবর্তক মোড় সংলগ্ন হিলভিউ আবাসিক এলাকার এএস টাওয়ারের নিচ তলা থেকে দৈনিক প্রথম আলো চট্টগ্রাম কার্যালয়ের প্রতিবেদক গাজী ফিরোজ শিবলীর মোটর সাইকেলটি চুরি হয়।
ওই ভবনের তৃতীয় তলায় প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়।
গাজী ফিরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে ভবনের নিচে পার্কিংয়ের স্থানে বাজাজ ডিসকভার মোটর সাইকেলটি রেখে অফিসে যান তিনি। সন্ধ্যায় নেমে এটি আর পাননি।
ফিরোজ চুরির ঘটনায় পাঁচলাইশ থানায় মামলা করছেন।
এর আগে গত মাসের শুরুতে দৈনিক কালের কণ্ঠের চট্টগ্রাম অফিসের প্রতিবেদক নুপুর দেবের মোটর সাইকেল চুরি হয়েছিল নগরীর ইহ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনের পার্কিং এলাকা থেকে।
