তারেকের মামলার শুনানিতে হট্টগোল-ধাক্কাধাক্কি
দুই পক্ষের আইনজীবীদের তুমুল হট্টগোল, ব্যক্তিগত আক্রমণ ও উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যে তারেক রহমানের মুদ্রাপাচার মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ হয়েছে।
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ছেলে তারেকের সঙ্গে এই মামলায় তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনও আসামি।
সাক্ষ্য দিতে মঙ্গলবার আদালতে হাজির হন দুদক কর্মকর্তা সৈয়দ তাহসিনুল হক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. ইব্রাহিম।
আসামি পক্ষের প্রধান আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম আদালতে উপস্থিত না থাকায় তার সহকর্মীরা শুনানি মুলতবির আবেদন জানান।
এরপর শুরু হওয়া হট্টগোলের মধ্যেই তদন্ত কর্মকর্তা ইব্রাহিমের জবানবন্দি নেন ঢাকার ৩ নম্বর বিশেষ জজ মোতাহার হোসেন।
সকাল বেলা ১১টায় বিচারক সাক্ষ্যগ্রহণের জন্য এজলাসে উঠলে আসামিপক্ষের আইনজীবীরা সময়ের আবেদন করলে আদালত ওই আবেদন নামঞ্জুর করে বেলা ২টায় সাক্ষ্য নেয়ার সময় ধার্য করেন।
বেলা ২টায় আসামি পক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার সাক্ষী তাহসিনুল হককে জেরা করেন। তাকে জেরা বেলা পৌনে ৩টায় শেষ হওয়ার পর তদন্ত কর্মকর্তা ইব্রাহিম সাক্ষ্য নেয়ার জন্য কাঠগড়ায় দাঁড়ালে শুরু হয় হট্টগোল।
আসামি পক্ষের আইনজীবীরা বলেন, তদন্ত কর্মকর্তাকে জেরা করার জন্য তাদের কিছু কাগজপত্রের সত্যায়িত কপি (সইমহুরী নকল) তুলতে হবে। তা না হলে তারা জেরা করতে পারবেন না। তাই তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নেয়া যাবে না।
কিন্তু দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল সাক্ষ্য নেবেন বললে শুরু হয় বাকবিতণ্ডা।
বাকবিতণ্ডার মধ্যে আসামি পক্ষের আইনজীবী ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ মিয়া আলম সাক্ষ্যগ্রহণ না করার জন্য বিচারককে অনুরোধ করেন। তখন দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর তাকে ‘দালাল’ বললে আরো উত্তপ্ত হয়ে ওঠে আদালত।
এক পর্যায়ে বিএনপির আইনজীবীরা টেবিল ও বেঞ্চ চাপড়ে দুদকের আইনজীবীদের দিকে আক্রমণাত্মকভাবে ধেয়ে গেলে বিচারক বেলা ৩টা ১০ মিনিটের দিকে এজলাস ছাড়েন।
হট্টগোল দেখে ওই সময় এজলাসের মধ্যে পুলিশও ঢুকে পড়ে। তার প্রতিবাদে বিএনপির আইনজীবীরা সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদারের নেতৃত্বে মিছিল শুরু করে।
এরপর পরিস্থিতি শান্ত হলে বেলা ৩টা ৩৫ মিনিটের দিকে বিচারক ফের এজলাসে ওঠেন। ওই সময় বিএনপির আইনজীবীরা সাক্ষ্য নেয়ার ব্যাপারে কোনো কথা না বলায় তদন্ত কর্মকর্তার জবানবন্দি নেয়া শুরু করে আদালত। সোয়া ৪টার দিকে জবানবন্দি শেষ হয়।
জবানবন্দি শেষে বিএনপির আইনজীবীরা জেরার জন্য সময় চেয়ে আবেদন করেন। কিন্তু বিচারক জেরার শুরু করতে বলেন।
এরপর অ্যাডভোকেট মাসুদ তালুকদার তদন্ত কর্মকর্তাকে দুটি প্রশ্ন করে জেরা মুলতবির অনুরোধ করে দেড় মাস পর জেরার দিন ধার্যের জন্য আবেদন করেন।
কিন্তু বিচারক এরপরও জেরা করতে বললে বিএনপির আইনজীবীরা আবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায়। এক পর্যায়ে বিচারক ১০ অক্টোবর জেরার দিন ধার্য করে এজলাস থেকে নেমে যান।
টঙ্গীতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে নির্মাণ কন্সট্রাকশন কোম্পানি লিমিটেডের মালিক খাদিজা ইসলামের কাছ থেকে ২০ কোটি টাকা নেয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন তারেক-মামুনের বিরুদ্ধে এই মামলা করে।
মামলায় বলা হয়, সিঙ্গাপুরে এই অর্থের লেনদেন হয়। এরপর মামুন ওই অর্থ সিঙ্গাপুরের ক্যাপিটাল স্ট্রীটের সিটি ব্যাংক এনএতে তার নামের ব্যাংক হিসাবে জমা করেন।এর ৩ কোটি ৭৮ লাখ টাকা খরচ করেন তারেক।
২০১১ সালের ৬ জুলাই দুদক আদালতে মামলাটিতে অভিযোগপত্র দাখিল করেন।
