সিকৃবিতে সকল নিয়োগে ছয় মাস স্থগিত
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) আগামী ছয় মাসের জন্য সব ধরনের নিয়োগ স্থগিত করেছে হাই কোর্ট।
মঙ্গলবার বিচারপতি এম মোয়াজ্জেম হোসেন ও এম বদরুজ্জামানের বেঞ্চ এই আদেশ দেন।
বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সিদ্দিকুল ইসলামসহ ১০ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর পক্ষে করা রিটের পরিপ্রক্ষিতে এ আদেশ দেয়া হয়।
রিটে অভিযোগ করা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়োগ নীতিমালা না মেনে সম্পূর্ণ অবৈধভাবে নতুন করে শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের চেষ্টা চালাচ্ছেন।
রিটকারীর আইনজীবী ড. রফিকুল ইসলাম মেহেদী জানান, আবেদনের প্রেক্ষিতে গত সোমবার ও মঙ্গলবার হাই কোর্টের একটি বেঞ্চে শুনানি হয়। এরপর নিয়োগ প্রক্রিয়া স্থগিতের এ আদেশ দেয়া হয়।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ফয়জলু হক সাংবাদিকদের জানান, সিন্ডিকেট সভায় নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে। তবে এখনও উপাচার্যের দপ্তর থেকে তার কার্যালয়ে কোনো নির্দেশনা আসেনি।
তিনি জানান, আদালতের কোনো নির্দেশনাও তার হাতে এসে পৌঁছায়নি। তবে, সিন্ডিকেট সভায় আদালতের নির্দেশনার বিষয়টি উঠলে উপাচার্য জানান, আদালতের কাগজপত্র দেখে পরবর্তীতে আইনি উদ্যোগ নেওয়া হবে।
