নিয়োগ পেল ৩২তম বিসিএসের ১৬১৯ জন
বত্রিশতম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলে উত্তীর্ণদের নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মঙ্গলবার মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, সরকারি কর্ম কমিশনের সুপারিশের ভিত্তিতে কারিগরি ক্যাডারের প্রবেশপদে এক হাজার ৬১৯ জনকে নিয়োগ দেয়া হয়েছে।
“নিয়োগপ্রাপ্তদের নির্ধারিত প্রতিষ্ঠানে কমপক্ষে চার মাসের প্রশিক্ষণ নিতে হবে। এই প্রশিক্ষণ নেয়ার পর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পেশাগত ও বিশেষ ধরনের প্রশিক্ষণ নিতে হবে।”
আদেশে বলা হয়, নিয়োগপ্রাপ্তদের দুই বছর শিক্ষানবিস হিসাবে কাজ করতে হবে। এই সময়ে চাকরিতে বহাল থাকার অনুপযোগী বলে বিবেচিত হলে কোনো কারণ দর্শানো ছাড়াই তাকে চাকরি থেকে অপসারণ করা হবে।
সাফল্যের সঙ্গে প্রশিক্ষণ শেষ, বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ এবং শিক্ষানবিসকাল সন্তোষজনকভাবে শেষ করলে চাকরিতে স্থায়ী করা হবে বলেও আদেশে বলা হয়েছে।
গত বছরের ২৭ সেপ্টেম্বর ৩২তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
এক হাজার ৪৮৯টি শূন্য পদে লোক নিয়োগ দিতে ২০১১ সালের ১৯ অক্টোবর ৩২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
এই বিসিএসের মাধ্যমে মুক্তিযোদ্ধা, উপজাতি ও নারী কোটায় নিয়োগ দেয়া হয়।
