চা আমদানি শুল্ক বাড়ানোর দাবি চাষীদের
পঞ্চগড়ের বিকাশমান চা শিল্প রক্ষায় চা আমদানিতে শুল্কহার বাড়ানোর দাবি জানিয়েছে সেখানকার চা চাষীরা।
এ দাবি জানিয়ে মঙ্গলবার সকালে বাংলাদেশ স্মল টি গার্ডেন ওনার্স এসোসিয়েশনের ব্যানারে জেলার ছোট, বড় চা চাষী, বাগান মালিকরা শহরের চৌরঙ্গী মোড়ের শেরেবাংলা পার্কে সমবেত হন এবং পঞ্চগড়-ঢাকা মহাসড়কে মানববন্ধন করেন।
এরপর তারা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে তারা জানান, গত বাজেটে চা আমদানিতে সম্পূরক শুল্ক শতকরা ২৫ ভাগ থেকে কমিয়ে ৫ ভাগ করা হয়েছে।
ফলে অকশন মার্কেটে চায়ের দাম কমে গেছে। চা প্রক্রিয়াজাত কারখানাগুলো কাঁচা চা পাতার দাম কমানোর কথা জানিয়েছে বলে উল্লেখ করেন তারা।
এতে এখানকার বিকাশমান চা শিল্প অসম প্রতিযোগিতার ও হুমকির মুখে পড়েছে বলে দাবি করেন তারা।
বছরে ওই এলাকায় প্রায় তিন হাজার ৫শ’ একর জমিতে ১২ লাখ কেজি চা উৎপাদন হচ্ছে। একই সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শ্রমিক-কর্মচারীর কর্মসংস্থান হয়েছে বলে স্মারকলিপিতে বলা হয়েছে।
তারা অবিলম্বে চা আমদানিতে আগের শুল্ক বহাল, ভর্তুকি প্রদানসহ চা চাষে আধুনিক সুবিধা নিশ্চিতের দাবি জানান।
চা চাষী ও সাবেক উপজেলা চেয়ারম্যান বসিরুল আলম প্রধান বলেন, “সিলেটের মত এখানকার চা শিল্পে সার-সেচসহ কোন খাতেই কোন ভর্তুকি দেয়া হয়না।
“এজন্য এমনিতেই আমরা অসম প্রতিযোগিতার মুখে কোন মতে টিকে আছি। এরপরও শুল্ক কমিয়ে অবাধ আমদানির সুযোগ দেয়ায় আমাদের অস্তিত্বই হুমকির মুখে পড়বে।”
স্মারকলিপি প্রদানকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, সাবেক উপজেলা চেয়ারম্যান বসিরুল আলম প্রধান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, কাজী মাহামুদার রহমান ডাবলু, ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম, মোস্তফা জামাল রাজুসহ অন্যরা বক্তব্য প্রদান করেন।
