সাতক্ষীরা পলিটেকনিকে পরীক্ষা বর্জন
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের মর্যাদা বহাল রাখা ও বেতন বৈষম্য নিরসনের দাবিতে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মঙ্গলবার পরীক্ষা বর্জন করেছেন।
সকালে তারা প্রায় ৪৫ মিনিট প্রধান ফটকে তালা ঝুলিয়ে সমাবেশ এবং সামনের সড়কও অবরোধ করেন।
পরে পুলিশ এসে তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করে।
সমাবশে বক্তব্য দেন আলতাফ হোসেন, মনির হোসেন, ফয়সাল প্রমুখ।
তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দ্বিতীয় শ্রেণির মর্যাদাদান এবং বেতন বৈষম্য নিরসনের দাবি জানান।
বাংলাদেশ কারিগরি ছাত্র সংসদ পরিষদের ব্যানারে (বাকাছাপ) বক্তারা বলেন, তারা লেখাপড়া করছেন ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, সুপারভাইজার হওয়ার জন্য নয়।
তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
সাতক্ষীরা সদর থানার ওসি শাহজাহান আলী খান জানান, সকালে এ কর্মসূচি চলার সময় সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সাতক্ষীরা-যশোর সড়ক অবরোধ করে রাখে। এতে সাময়িক যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে যান চলাচল স্বাভাবিক হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ ও আর্মড পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।
