২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পুলিশের ধাওয়ায়’ নদীতে ঝাঁপ দিয়ে লাশ

ফরিদপুরে কুমার নদ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবক ‘পুলিশের ধাওয়া খেয়ে’ নদীতে নিখোঁজ হয়েছিল বলে পরিবারের দাবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফরিদুপর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2013, 02:13 PM

Updated : 23 Aug 2022, 07:03 PM

অবশ্য গোয়েন্দা পুলিশ সেখানে অভিযান চালানোর কথা অস্বীকার করেছে।   

নিহত সেলিম (৩৫) ফরিদপুর শহরের আলীপুর এলাকার মৃত আলী মিয়ার ছেলে।

মঙ্গলবার সকালে শহরের হাজী শরীয়তউল্লাহ বাজারের পাশে নদী থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সেলিমের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি সৈয়দ মোহসিনুল হক।

সেলিমের বড়ভাই হোটেল ব্যবসায়ী নাসির বলেন, রোববার রাত ৯টার দিকে হাজী শরীয়তউল্লাহ বাজারের কয়েকজন ব্যবসায়ীর সয্গে বসে তাস খেলছিল সেলিম। এ সময় গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে গেলে সেলিমসহ চারজন কুমার নদে ঝাঁপ দেয়।

কিছুক্ষণ পর অন্য তিন যুবক তীরে উঠলেও সেলিমের কোনো খোঁজ তখন পাওয়া যায়নি।

মঙ্গলবার সকালে সেলিমের লাশ আলীমুজ্জামান বেইলি ব্রিজ সংলগ্ন নদীতে ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেন।

এদিকে ফরিদপুর গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) তোতা মিয়া দাবি করেন, ডিবি পুলিশের কোনো দল ওই রাতে শরীয়তউল্লাহ বাজারে অভিযান চালায়নি।

ফরিদপুর কোতয়ালী থানার ওসি সৈয়দ মোহসিনুল হক জানান, লাশ উদ্ধারের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।