২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে ভূমি জরিপে দূর নিয়ন্ত্রিত কপ্টার

নারায়ণগঞ্জ সদরে ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ কাজে পরীক্ষামূলকভাবে দূর নিয়ন্ত্রিত কপ্টার ব্যবহার করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2013, 10:36 PM

Updated : 23 Aug 2022, 07:03 PM

৫০০ গ্রাম ওজনের এমন একটি কপ্টার সোমবার দুপুরে ফতুল্লার তক্কার মাঠ এলাকায় বিধ্বস্ত হওয়ার কথা সংশ্লিষ্টরা জানালেও প্রশাসন নিশ্চিত করতে পারেনি।

তেজগাঁয়ে অবস্থিত ভূমি রেকর্ড ও জরিপ অফিসের সার্ভেয়ার মতিয়ার রহমান সাংবাদিকদের জানান, ভূমি জরিপ ডিজিটাল পদ্ধতিতে রূপান্তরের অংশ হিসেবে কানুনগো লুৎফর রহমান ও বারী ভূঁইয়ার নেতৃত্বে আট জন কোরীয় নাগরিক দেশে প্রথমবারের মতো রিমোট কন্ট্রোলচালিত কপ্টারের সাহায্যে জরিপ কাজ শুরু করেন।

সোমবার দুপুরে তক্কার মাঠ এলাকায় অত্যাধুনিক ক্যামেরাবাহী কপ্টারে আকাশ থেকে পরীক্ষামূলকভাবে ভূমি জরিপ (ক্যামেরা দিয়ে ভূমির উপর থেকে চিত্র ধারণ) কাজ শুরু করলে প্রতিকূল আবহাওয়ার কারণে আকাশে উড়ার পরপরই দুটি কপ্টারের একটি বিধ্বস্ত হয়।

পরীক্ষামূলকভাবে চালানো জরিপ সফল হলে দেশব্যাপী চালানো হবে বলে তিনি জানান।

মঙ্গলবারও এই জরিপ কাজ চলবে বলে তিনি জানান।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউছুল আযম জানান, “স্থানীয় প্রশাসন হিসেবে আমাদেরকে কিছুই জানানো হয়নি। ভূমি জরিপ বা এই ধরণের কোন কাজ করতে হলে জনপ্রতিনিধি ও আমাদেরকে অবহিত করতে হয়। কিন্তু তারা তা করেনি।”

তিনি জানান, ৫০০ গ্রাম ওজনের রিমোট কন্ট্রোলচালিত হেলিকপ্টারে রাখা ক্যামেরায় উপর থেকে ডিজিটাল পদ্ধতিতে ভূমির ছবি ধারণ করা হচ্ছিল। কপ্টারটি বিধস্ত হয়নি, একটি তালগাছে আটকে ছিল।

জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল জানান, “এই ধরনের কোনো তথ্য আমার জানা নেই।”

পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামও এরকম কোনো ঘটনা তার জানা নেই বলে জানান।